১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ফন্ট সাইজ:

বাংলাদেশের আটটি দ্রুত বর্ধনশীল শহরে নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু সহনশীল পানি সরবরাহ এবং স্যানিটেশন সেবা সম্প্রসারণে ১৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের আওতায় প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা পাবে। বৃহস্পতিবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট’ নামের এ উদ্যোগের আওতায় রয়েছে- কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহর। অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের মধ্যে কৌশলগতভাবে কাছাকাছি অবস্থিত পৌর এলাকাগুলোকে একত্র করে সমন্বিত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা হবে।

প্রকল্পটি এডিবি’র সহায়তায় পরিচালিত ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট উদ্যোগকে এগিয়ে নেবে। পাশাপাশি উন্নত জনসেবা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় অবকাঠামোর সক্ষমতা বাড়ানো এবং টেকসই আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তা করবে।
এডিবি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন সেবা জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা এবং উৎপাদনশীল ও সহনশীল জনপদ গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পে জলবায়ু সহনশীল অবকাঠামোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ডিজিটাল ব্যবস্থা এবং টেকসই সেবা কার্যক্রম জোরদার করা হবে। এর ফলে আঞ্চলিক শহরগুলোতে উন্নত সেবা নিশ্চিত হবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের পরিবেশ তৈরি হবে।

প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি ৬৫ হাজার পরিবারের পানির সংযোগ স্থাপন বা সংস্কার করা হবে। এসব সংযোগে স্মার্ট মিটার বসানো হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ দেয়া হবে নিম্ন্ন আয়ের জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের।

এ ছাড়া, সাতটি পানি শোধনাগার সংস্কার এবং ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া স্থাপন করা হবে। এর মাধ্যমে পানির উৎপাদন ও বিতরণ ব্যবস্থার নজরদারি বাড়ানোর পাশাপাশি পানির অপচয় ও সিস্টেমের ক্ষতি কমানো হবে। বর্তমানে ২০২৬ সালে পানির অপচয় ও ক্ষতির হার ৫০ শতাংশের বেশি। প্রকল্পের লক্ষ্য ২০৩২ সালের মধ্যে এ হার ২০ শতাংশের নিচে নামিয়ে আনা।

পানি উৎপাদন, বিতরণ, গুণগত মান, গ্রাহক সেবা এবং অবকাঠামো ব্যবস্থাপনায় তাৎক্ষণিক তথ্য পর্যবেক্ষণের জন্য ডিজিটাল মনিটরিং ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হবে।

নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ১ হাজার ২০০টি পারিবারিক শৌচাগার নির্মাণ করা হবে। পাশাপাশি চারটি জনসাধারণের ব্যবহার উপযোগী স্যানিটেশন সুবিধা গড়ে তোলা হবে। এসব স্থাপনায় নারী, কিশোরী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজন বিবেচনায় রাখা হবে। এগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন স্থানীয় নারী বাসিন্দারা।

প্রকল্পের আওতায় জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগও নেয়া হবে। এর মাধ্যমে বাড়িতে পানির সংযোগ গ্রহণ, ভূগর্ভস্থ পানির দায়িত্বশীল ব্যবহার, মিটার ও পানির বিলসংক্রান্ত ট্যারিফ ব্যবস্থার গ্রহণযোগ্যতা এবং নিরাপদ পানি সরবরাহে সবার সমান অধিকার নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরি করা হবে।