হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে মারা গেছে আরও ৮ শিশু। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৬৫ জন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো হাম-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১০২ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২১ রোগী এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৮১ শিশু। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট নিশ্চিত শনাক্ত ২৬ হাজার ৪৭৬ জন, মোট সন্দেহজনক শনাক্ত ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন। একই সময়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ শিশু। ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ শিশু। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৩৩২ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন।

এ ছাড়া, সিলেটে ১৬৩ জন, খুলনায় ১০২ জন, বরিশালে ৭৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, রংপুরে ২৩ জন এবং রাজশাহী বিভাগে ১১ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৭ জন, সিলেটে ৪০ জন, খুলনায় ১০ জন এবং রংপুরে ৫ জন রোগী শনাক্ত হয়েছে। ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ঢাকা বিভাগে ১ লাখ ৮ হাজার ৬১৫ জন, চট্টগ্রামে ৫১ হাজার ৮২৪ জন, বরিশালে ২৭ হাজার ৭৫৮ জন, সিলেটে ২৩ হাজার ৮৫৮ জন, খুলনায় ১৮ হাজার ১৯ জন, ময়মনসিংহে ১৩ হাজার ৯৭১ জন, রাজশাহীতে ১২ হাজার ৩৯৮ জন এবং রংপুর বিভাগে ৫ হাজার ৯২ জন। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৬ হাজার ৩৮২ জন ও চট্টগ্রামে ৩ হাজার ৮৬১ শিশু।