জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের সম্পর্কের পেছনে চীন নয়, ছিল প্রেম

জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের সম্পর্কের পেছনে চীন নয়, ছিল প্রেম

ফন্ট সাইজ:

এনভিডিয়ার এনভিডিয়া প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে ব্যবসায়ী নারী অ্যালিস হুয়াংয়ের পরকীয়া সম্পর্কের পেছনে চীনা গোয়েন্দা সংস্থার কোনো পরিকল্পনা ছিল এমন প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। অ্যালিসকে জেনসেন হুয়াং কিংবা বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার ওপর নজরদারি করতে চীনা গোয়েন্দারা নির্দেশ দিয়েছিল, এমন কোনো তথ্যও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী, বরং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে থাকা বর্তমান তথ্যপ্রমাণ ইঙ্গিত দিচ্ছে, এনভিডিয়া প্রধানের সঙ্গে চীনা নারীটির সম্পর্ক ছিল প্রেমঘটিত।

উন্নত প্রযুক্তির চিপ তৈরির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের পরিকল্পিত কোনো গোয়েন্দা অভিযান ছিল না এটি। মার্কিন কর্মকর্তারা কংগ্রেসের কর্মীদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্রিফিংয়ে কর্মকর্তারা আরও জানিয়েছেন, চীনের প্রধান গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি (এমএসএস) অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের তথ্য সরবরাহ করতে বলেছিল। চীনের আইন অনুযায়ী, দেশটির নাগরিকদের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করতে বাধ্য করার সুযোগ রয়েছে। ফলে জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক চলাকালে অ্যালিসের যোগাযোগ ছিল চীনা গোয়েন্দা সংস্থাটির সঙ্গেও। তবে তিনি এমএসএসকে গুরুত্বপূর্ণ কোনো গোয়েন্দা তথ্য দিয়েছেন, এমন ইঙ্গিত যুক্তরাষ্ট্রের হাতে নেই বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএনও ওই ব্রিফিংয়ের বিষয়বস্তু নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

ব্রিফিংয়ে কর্মকর্তারা কাং ওয়েই নামের এক ব্যক্তির বিষয়েও আলোচনা করেছেন। তাকে অ্যালিস হুয়াংয়ের স্বামী হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েই চীনের গোয়েন্দা সংস্থা এমএসএসের একজন তথ্যদাতা ছিলেন এবং ওই গোয়েন্দা সংস্থার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। এনভিডিয়ার এই শীর্ষ কর্মকর্তার সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের প্রকৃতি নিয়ে কয়েক সপ্তাহ ধরে নানা জল্পনা-কল্পনার পর এ সংবেদনশীল আলোচনা সামনে এলো। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মনে করেন, অ্যালিস যে উদ্দেশ্যেই কাজ করে থাকুন না কেন, বেইজিংকে কোনো তথ্য সরবরাহ করে থাকলে তিনি একজন গুপ্তচর। তবে অন্য কর্মকর্তাদের মত, এমএসএসের সঙ্গে অ্যালিসের যোগাযোগ ছিল অনেকটাই পরিস্থিতির কারণে। কারণ, চীনের ব্যবসায়ী নেতাদের অনেককেই দেশটির জাতীয় নিরাপত্তা কাঠামোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বাধ্য করা হয়।

এদিকে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণনীতি লঙ্ঘন করে চীনে এনভিডিয়ার চিপ পাচারের অভিযোগে কোনো প্রভাব পড়েছিল কিনা, তা তদন্ত করে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এনভিডিয়ার পরিচালনা পর্ষদও বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলো চীনের বড় বড় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডাটা সেন্টারের জন্য শক্তিশালী কম্পিউটিং সরঞ্জাম সংগ্রহে অর্থায়ন করেছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের নথিতে ২৭ কোটি ডলার মূল্যের সর্বোচ্চ ৭৬৪টি এআই সার্ভার ও মডিউলের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি এসব সরঞ্জামকে বড় কম্পিউটিং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার জন্য ব্যবহৃত ৩ কোটি ১০ লাখ ডলারের যন্ত্রপাতির তথ্যও রয়েছে। এসব হার্ডওয়্যারের বড় একটি অংশ সাংহাইয়ের বিশাল একটি ডাটা সেন্টারে স্থাপিত ছিল। চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কেন্দ্রটি প্রাথমিকভাবে গড়ে তোলা হয়। নথিপত্রে দেখা গেছে, অ্যালিস হুয়াংয়ের পরিবারের সদস্য ও সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চীনের এআই শিল্পের অর্থায়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে ভূমিকা রেখেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তদন্ত করছিল, সিঙ্গাপুরভিত্তিক অ্যালিসের প্রতিষ্ঠান মেগাস্পিড চীনা ক্রেতাদের কাছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাধীন এনভিডিয়ার প্রযুক্তি পৌঁছে দিতে সহায়তা করেছিল কি না।

এসব আর্থিক ব্যবস্থাপনা আরও দেখিয়েছে, চীনের এআই খাতের উচ্চাভিলাষী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করা ব্যয়বহুল কম্পিউটিং অবকাঠামো ব্যবহারের সুযোগ করে দিতে বিভিন্ন কোম্পানি কীভাবে অর্থায়ন করতে পারে। উন্নত প্রসেসর রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের কারণে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য এসব হার্ডওয়্যার সংগ্রহ ক্রমেই কঠিন হয়ে উঠছে। সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় মেগাস্পিডকে বাণিজ্যিক কালো তালিকাভুক্ত করেছে। তবে মেগাস্পিড কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যালিস হুয়াং ২০২৫ সালের আগস্টেই কোম্পানি ছেড়ে গেছেন।

রয়টার্স চীনের কেন্দ্রীয় ব্যাংকের ঋণসংক্রান্ত নিবন্ধনের কয়েক ডজন নথি পরীক্ষা করেছে। এসব নথিতে ঋণ ও অন্যান্য অর্থায়নের জামানত হিসেবে ব্যবহৃত যন্ত্রপাতির তথ্য সংরক্ষিত রয়েছে। অ্যালিস হুয়াং আগে মেগাস্পিডের নিয়ন্ত্রণে ছিলেন। প্রতিষ্ঠানটি বিদেশে এনভিডিয়ার প্রসেসর কেনার অন্যতম বড় ক্রেতা। চলতি মাসের শুরুতে এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। তবে ১১ দিন পর তাকে আবারো ওই পদে ফিরিয়ে আনা হয়। অ্যালিসের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসার পর চীনের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে নজরদারি আরও জোরদার হয়েছে।