বিশ্ব জুড়ে সব ব্যবহারকারীর জন্য আনুষ্ঠানিকভাবে ‘শিডিউল্ড মেসেজ’ ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই বার্তা লিখে নির্দিষ্ট সময়ে পাঠানোর জন্য নির্ধারণ করে রাখতে পারবেন। এ খবর দিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। হোয়াটসঅ্যাপ জানায়, এটি ব্যবহারকারীদের অন্যতম কাঙ্ক্ষিত একটি ফিচার। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ-উভয় চ্যাটেই কোনো বার্তা লিখে তা ১০ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ১৪ দিন পর পাঠানোর জন্য সময় নির্ধারণ করা যাবে। সাধারণ টেক্সট মেসেজের পাশাপাশি ছবি ও ভিডিও শিডিউল করার সুযোগও থাকছে।
যেভাবে পাঠাবেন: কোনো বার্তা শিডিউল করতে হলে সেন্ড বাটনটি চেপে ধরে রেখে পছন্দের তারিখ ও সময় বেছে নিতে হবে। প্রাপকের কাছে এটি আর দশটা সাধারণ বার্তার মতোই পৌঁছাবে। এ ছাড়া ব্যবহারকারীরা তাদের শিডিউল করা সব বার্তা একসঙ্গে দেখতে পারবেন এবং পাঠানোর আগেই মত বদলালে তা মুছে ফেলতে পারবেন।
নির্ধারিত সময়ে ব্যবহারকারীর ফোন বন্ধ থাকলেও বা ব্যাটারি শেষ হয়ে গেলেও বার্তাটি ঠিক সময়ে প্রাপকের কাছে পৌঁছে যাবে। অন্যান্য ব্যক্তিগত চ্যাটের মতোই শিডিউল্ড মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে বিশ্বের সব ব্যবহারকারীর কাছে এই ফিচারটি পৌঁছে যাবে বলে জানায় হোয়াটসঅ্যাপ।
