ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রবেশের সড়কসংলগ্ন প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বলেন, ককটেল বিস্ফোরণের পরে সেখানকার আইনজীবীরা ও স্থানীয়রা রাজীব বোস নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আমরা তাকে হেফাজতে নিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, এ ঘটনায় একজন আইনজীবী আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ডিএমপি’র প্রসিকিউশন বিভাগের এই কর্মকর্তা। তিনি বলেন, যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি অপরাধী নাকি ভিকটিম, তা এখনই বলা যাচ্ছে না।
এদিকে, ককটেল বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে সদা প্রস্তুত।
এর আগে গত ৯ই নভেম্বর বিকালে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুজনকে ধরে পুলিশে দেয় জনতা। সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী সহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
