ক্রিকেটে এমন আউট কে, কবে দেখেছে

ক্রিকেটে এমন আউট কে, কবে দেখেছে

ফন্ট সাইজ:

নারী বিগ ব্যাশ লীগে (ডব্লিউবিবিএল) অদ্ভুত এক আউটের শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার দিয়েন্দ্রা ডটিন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে না পারায় তাকে স্টাম্পের সামনে থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিলেন আম্পায়াররা। এরপর ব্রিসবেন হিটের বোলার সারা গ্লেন ফাঁকা স্টাম্পে বল করে ডটিনকে গোল্ডেন ডাক উপহার দিলেন।

মেলবোর্ন রেনেগেডসের ইনিংসে জর্জিয়া ওয়ারহ্যামের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন ডটিন। তবে মাঠে এসে তিনি হেলমেট ঠিক করা এবং গ্লাভস পরার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে নির্ধারিত সময় পেরিয়ে যায়। ২০২১ সালের ডব্লিউবিবিএল মৌসুমের আগে খেলার গতি বাড়াতে নতুন নিয়ম চালু করা হয়। সেই নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে পরবর্তী বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় নন-স্ট্রাইকারকে পরবর্তী বল গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।

ডটিন নির্ধারিত সময় অতিক্রম করায় আম্পায়াররা তাকে স্টাম্প থেকে সরে যেতে বলেন। পাশাপাশি বোলার গ্লেনকে দেয়া হয় ফ্রি বল। সেই সুযোগ কাজে লাগিয়ে মিডল ও লেগ স্টাম্পে আঘাত করেন গ্লেন। ফলে কোনো বল না খেলেই বিদায় নিতে হয় ডটিনকে। এমন অদ্ভুত উইকেট পেয়ে শুরুতে নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না গ্লেন। হাসতে হাসতে দুই হাতে মুখ ঢেকে ফেলেন তিনি। পরে সতীর্থরা তাকে ঘিরে উদযাপনে মেতে ওঠেন।
ডটিনের বিদায়ে রেনেগেডসের স্কোর দাঁড়ায় ৯৭ রানে ৫ উইকেট। শেষ ৩৪ বলে জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৪১ রান। তবে এমন নাটকীয়তার পরও হাল ছাড়েনি রেনেগেডস। শেষ বল পর্যন্ত লড়াই করে ১৩৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা। জয় পায় ৩ উইকেটে।