ইতিহাস গড়ে ২০২২ সালে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিফটি করে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন ইয়াসির আলী রাব্বি। সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরলেন চট্টগ্রামের ডানহাতি এ ব্যাটার। দীর্ঘ বিরতির পর লাল-সবুজের জার্সিতে ফেরার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে এবারও ভালো কিছু করার প্রত্যয় রাব্বির।
জাতীয় দলের হয়ে ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ইয়াসির রাব্বি। এরপর জাতীয় দলের বাইরে ছিলেন লম্বা সময়। কাতারের দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হংকং চায়নার বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেন ২০ রান। এ দুই ইনিংস দিয়ে নির্বাচকদের নজরে আসেন রাব্বি। জাতীয় দলে ফেরার অনুভূতি জানাতে গিয়ে রাব্বি বলেন, ‘অনেকদিন পর ওয়ানডে টিমে কল পেয়েছি, ভালো লাগছে। আর প্রত্যাশা আসলে সবসময় থাকতো যে আমি আবার ওয়ানডে টিমে ব্যাক করবো, ন্যাশনাল টিমে ব্যাক করবো। তো ওরকম একটা আশা ছিল যে ইনশাআল্লাহ আবার ব্যাক করে বাংলাদেশকে সার্ভ করবো।’ ২০২২ সালের ওয়ানডেতে পাওয়া সাফল্যের ধারা এবারও বজায় রাখতে চান রাব্বি। তিনি বলেন, ‘অবশ্যই গতবার যখন আমরা সাউথ আফ্রিকা এসেছিলাম, আমরা ওয়ানডে সিরিজ জিতেছিলাম।
আলহামদুলিল্লাহ আমিও টিমকে সাপোর্ট করতে পেরেছিলাম। তো অবশ্যই একটা ইন্সপিরেশন থাকবে, একটা ভালো লাগা কাজ করবে। তো ইনশাআল্লাহ আগের যে ভালোটা হয়েছে ওটাকেই ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।’ ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পরের আসর। ওই বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকার লক্ষ্য আছে কিনা সেটি নিয়ে এখনই কিছু বলতে চান না রাব্বি। দক্ষিণ আফ্রিকা সিরিজেরই পুরো মনোযোগ তার। টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে দলগত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য রাব্বির। তিনি বলেন, ‘আসলে অত দূরে চিন্তা করতে এখন যাচ্ছি না। এখন যেহেতু সামনে আমাদের কেবল সাউথ আফ্রিকা সিরিজ, সাউথ আফ্রিকার সাথে খেলা, ওইটা নিয়ে এখন আপাতত প্ল্যানিং। পরেরটা পরে দেখা যাবে, বাট সবসময় চেষ্টা থাকবে যে যে সিরিজেই খেলা হোক, যার সাথেই খেলা হোক, তার সাথে যেন ভালো খেলে আমরা জিতি ইনশাআল্লাহ।’ ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের শক্তির কথা মনে করিয়ে দেন রাব্বি।
তিনি বলেন, ‘আসলে যেটা চলে গেছে চলে গেছে। এখন সামনে ওয়ানডে সিরিজ। আমরা চেষ্টা করবো যে এই সময়টাতে টিমের সবাই একসাথে থেকে বাংলাদেশকে জেতানোর ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা আল্লাহর রহমতে ওয়ানডেতে ভালো খেলছি, খেলে এসেছি, তো সবসময় একটা প্লাস পয়েন্ট থাকে আমাদের আর খুব ভালো টিম। তো ইনশাআল্লাহ ওভাবেই চেষ্টা থাকবে আমরা যেন ওয়ানডে সিরিজটা জিতি।’ ১লা ডিসেম্বর ইস্ট লন্ডনে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ৪ঠা ডিসেম্বর (গবেরহা) এবং ৭ই ডিসেম্বর (কেপটাউন)। হিপ ইনজুরি কাটিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে ফিরেছেন লিটন দাস। ইয়াসির আলী ছাড়াও দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ, উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক এবং পেসার সৈয়দ খালেদ আহমেদ। বাদ পড়েছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত।
