মেসিদের লীগে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

ফন্ট সাইজ:

মেজর লীগ সকারে (এমএলএস) আসছে বড় ধরনের পরিবর্তন। ২০২৭-২৮ মৌসুম থেকে নতুন প্লে-অফ কাঠামো চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লীগটি। নতুন নিয়মে ৩০ দলের লীগ থেকে প্লে-অফে জায়গা পাবে ১৬টি দল। প্রথম দুই রাউন্ডে হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগের লড়াই। এরপর সেমিফাইনাল ও এমএলএস কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে এক ম্যাচের নকআউট পদ্ধতিতে।

পরিকল্পনাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র নতুন কাঠামোর বিষয়টি দ্য অ্যাথলেটিককে নিশ্চিত করেছে। নতুন নিয়মে দুই লেগের ম্যাচে সমতা থাকলে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে বিজয়ী দল। অ্যাওয়ে গোল কিংবা নিয়মিত মৌসুমে ভালো অবস্থানে থাকার ভিত্তিতে কোনো দলকে এগিয়ে রাখা হবে না। এর আগে ২০ দল নিয়ে দ্বৈত নকআউট বা ডাবল এলিমিনেশন পদ্ধতির একটি প্রস্তাবও বিবেচনায় ছিল। তাতে নিয়মিত মৌসুমে ভালো করা দলগুলোকে বাড়তি সুবিধা দেয়ার পরিকল্পনা ছিল। তবে কাঠামোটি জটিল হওয়ায় নতুন দর্শকদের কাছে ফুটবলকে সহজবোধ্য রাখার স্বার্থে সেটি থেকে সরে আসে এমএলএস। নতুন ব্যবস্থায় প্লে-অফে জায়গা পাওয়া প্রতিটি দল অন্তত একটি হোম ম্যাচ খেলার সুযোগ পাবে। আর পরবর্তী রাউন্ডে উঠতে পারলে ঘরের মাঠে আরও ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হবে। বর্তমানে ১৮টি দল প্লে-অফে খেলার সুযোগ পায়। ফলে দল কমিয়ে ১৬টি করায় নিয়মিত মৌসুমে সেরা আটে জায়গা পাওয়ার লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এমএলএসের ক্যালেন্ডার পরিবর্তনের সঙ্গেও নতুন কাঠামোর সম্পর্ক রয়েছে। ২০২৭ সাল থেকে জুলাই থেকে মে মৌসুম চালুর পরিকল্পনা অনুযায়ী এই পরিবর্তন কার্যকর হবে। এর আগে ২০২৭ সালের সংক্ষিপ্ত মৌসুমে ১৪ ম্যাচের নিয়মিত পর্ব শেষে মে মাসে ১৬ দল নিয়ে এক ম্যাচের নকআউট প্লে-অফ হবে।
লীগে অবনমন ব্যবস্থা না থাকায় প্রতিযোগিতার তীব্রতা নিয়ে সমপ্রতি প্রশ্ন তোলেন জার্মান তারকা থমাস মুলার। তিনি বলেন, ‘এখানে অবনমন নেই, বড় কোনো চাপও নেই। একটি দল বলতে পারে, আমরা নতুন করে দল গড়বো। হারতে কেউই চায় না, কিন্তু অবনমনের লড়াইয়ের চাপ সম্পূর্ণ আলাদা।’
দক্ষিণ কোরিয়ান সুপারস্টার সন হিউং-মিনও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন।

এমএলএসে চলতি মৌসুমের প্লে-অফ ইতিমধ্যে শুরু হয়েছে। দুই কনফারেন্সের প্রথম রাউন্ডের ম্যাচের পর দ্বিতীয় লেগ চলবে শুক্রবার। কনফারেন্স ফাইনাল ১১ ও ১২ই ডিসেম্বর এবং এমএলএস কাপের ফাইনাল ১৮ই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।