বিএফএলে কিংস-ফর্টিস মুখোমুখি আজ

বিএফএলে কিংস-ফর্টিস মুখোমুখি আজ

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক বিরতি ও ফেডারেশন কাপের পর দীর্ঘ ৩৪ দিন পর আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লীগ (বিএফএল)। গত ২৪শে অক্টোবর পঞ্চম রাউন্ডের খেলা শেষ হওয়ার পর আজ ষষ্ঠ রাউন্ডের চার ম্যাচ দিয়ে ফিরছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ এই আসর। দিনের আলাদা ম্যাচে পয়েন্ট বাড়ানোর অভিযানে মাঠে নামছে ঢাকার ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে টেবিল টপার বাংলাদেশ পুলিশ এফসির মোকাবিলা করবে আবাহনী লিমিটেড। লীগে নিজেদের সবশেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্যাকফুটে আকাশি-নীলরা। গাজীপুরে কোচ মারুফুল হকের দলের জন্য ম্যাচটি সহজ হবে না। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ পুলিশ এফসি। মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি লীগে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ড সাদা-কালোদের। ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান আজ জিতলে এবং পুলিশ পয়েন্ট হারালে শীর্ষে ওঠার সুযোগ পাবে। একই সময়ে চাঁদপুর জেলা স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে লড়বে আরামবাগ ক্রীড়া সংঘ।

৪ ম্যাচের সবকটিতে হেরে শূন্য হাতে থাকা ওয়ান্ডারার্স আজ প্রথম পয়েন্টের খোঁজে নামবে। বিকাল সাড়ে পাঁচটায় কিংস অ্যারেনায় শুরু হবে কিংস ও ফর্টিসের লড়াই। এবারের মৌসুমে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে পয়েন্ট হারিয়ে লীগ শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এরপর চেনা রূপে ফিরেছে তারা। ঢাকা ওয়ান্ডারার্সকে ৭-০ গোলে বিধ্বস্ত করার পর সিটি ক্লাবকে ৩-০ গোলে হারায় কিংস। লীগে নিজেদের সবশেষ ম্যাচে চট্টগ্রাম সিটি এফসির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে তারা। চার ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা কিংসের বড় শক্তি ঘরের মাঠে আক্রমণভাগের ধারাবাহিকতা।

অন্যদিকে, মৌসুমের শুরু থেকেই গোলবন্যা বইয়ে দিয়ে চমক দেখাচ্ছে ফর্টিস এফসি। প্রথম ম্যাচে চট্টগ্রাম সিটি এফসিকে ৬-০ গোলে হারানোর পর দ্বিতীয় রাউন্ডে নবাগত সিটি ক্লাবের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা। তৃতীয় রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে ৬-০ গোলে হারায় দলটি। গত মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারায় ফর্টিস। বিএফএলে এখন পর্যন্ত বসুন্ধরা কিংসের বিপক্ষে জয়ের দেখা পায়নি ফর্টিস এফসি। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে কিংসকে হারানোর সুখস্মৃতি রয়েছে তাদের। ২০২৪ সালে ফেডারেশন কাপের ম্যাচে কিংস অ্যারেনাতে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছিল ফর্টিস। সেই জয়ের পুনরাবৃত্তি ঘটাতে চাইবে তারা।