২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারি যেন কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটের। সাত বছর পেরিয়ে গেলেও সেই বিতর্কের রেশ এখনো কাটেনি। বরং নতুন করে সামনে আসা পাল্টাপাল্টি বক্তব্যে আরও ঘনীভূত হয়েছে রহস্য। এবার এই বিতর্কের অবসানে সত্য প্রকাশের দাবি তুলেছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তার মতে, স্যান্ডপেপার-কাণ্ডে দুই পক্ষের একটি নিশ্চয়ই সত্য গোপন করছে। আর পুরো ঘটনার দায় এড়াতে পারে না ক্রিকেট অস্ট্রেলিয়াও।
সম্প্রতি উসমান খাজার আত্মজীবনীতে উঠে এসেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন। খাজার এই বক্তব্যকে সমর্থন করেছেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তবে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডসহ কয়েকজন ক্রিকেটার এমন দাবি অস্বীকার করেছেন। তাদের বিপরীতমুখী বক্তব্যেই নতুন করে প্রশ্নের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি ও তৎকালীন টিম ম্যানেজমেন্ট।
‘দ্যাটস নট ক্রিকেট’ পডকাস্টে স্টোকস বলেন, ‘এই বিতর্কের অবসান ঘটানোর একমাত্র উপায় হলো সত্যটা প্রকাশ্যে আসা। খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, একদল এক কথা বলছে, আরেক দল বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। দুই পক্ষের একটি সত্য বলছে, অন্য পক্ষটি বলছে না। তবে কোন পক্ষের বক্তব্য সত্য, শেষ পর্যন্ত আমরা জানতে পারবো কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।’
স্টোকসের মতে, বলের সঙ্গে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি নিয়ে কোনো বিতর্ক নেই। প্রশ্ন হচ্ছে, ঘটনার নেপথ্যে কারা ছিলেন এবং কারা বিষয়টি জানতেন। তিনি বলেন, ‘সবাই জানে ক্রিকেট বলে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। এ নিয়ে কোনো দ্বিমত নেই। এখন মানুষ শুধু সত্যটা জানতে চায়। তাদের সেই সত্য জানার অধিকারও আছে।’
এ ঘটনায় তৎকালীন ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ৩৫ বছর বয়সী স্টোকস। তার মতে, এই কেলেঙ্কারির প্রভাব শুধু ক্রিকেটারদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং কর্মকর্তা, কোচ ও তাদের পরিবারও এর ভুক্তভোগী। বিষয়টির ভয়াবহতা বোঝাতে স্টোকস বলেন, ‘এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় যেন একধরনের গৃহযুদ্ধ চলছে।’
খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন নিয়েও গণমাধ্যমের অতিরিক্ত আগ্রহের সমালোচনা করেছেন তিনি। বিশেষ করে কামিন্সের বাড়ির সামনে ক্যামেরার উপস্থিতি এবং স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্টোকস বলেন, ‘কঠিন সময়ে একজন খেলোয়াড় ও তার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করে প্রকাশ করা উচিত নয়। এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’ স্টোকসের মতে, এখন সময় দোষারোপের চক্র থামিয়ে সত্য প্রকাশের। কারণ, মাঠের বাইরের এই বিতর্কে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন অনেক মানুষ, যাদের আদতে কোনো দায়ই নেই।
