ভারতে চলমান প্রথম বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন স্প্রিন্টার সুমাইয়া দেওয়ান। বুধবার রাতে ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জেতেন তিনি।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন সুমাইয়া। এই ইভেন্টে স্বাগতিক ভারতের মৃথিকা ১২ দশমিক ০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক এবং শ্রীলঙ্কার রিসানসা হিরুপমা ১২ দশমিক ০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন। একই ইভেন্টের ফাইনালে জায়গা করে নেয়া বাংলাদেশের আরেক স্প্রিন্টার রেখা আক্তার ১২ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হন। সাতটি দেশের অ্যাথলেটদের অংশগ্রহণে আয়োজিত এই আসরটি পর্দা নামবে আজ ।
