কুয়েতে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কুয়েত সেনাবাহিনীর আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্টাফ কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান বলেন, দেশটির সশস্ত্র বাহিনী কুয়েতের আকাশসীমায় বেশ কয়েকটি শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করে এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
দেশটির মন্ত্রণালয় জানায়, হামলার পর ড্রোনের ভেঙে পড়া ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন কুয়েতি নাগরিক, দুজন ইতালির নাগরিক এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।
আহত চারজনকেই প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। হামলায় স্থাপনাটির কিছু বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে।
তবে হামলার লক্ষ্যবস্তু হিসেবে কোন গুরুত্বপূর্ণ স্থাপনাকে নিশানা করা হয়েছিল, তা জানায়নি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
সামরিক প্রস্তুতি বজায় রাখার ঘোষণা কুয়েতের
কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বজায় রেখে তারা নিজেদের দায়িত্ব ও অভিযান অব্যাহত রাখবে।
দেশটির সামরিক বাহিনী আরও জানিয়েছে, কুয়েতের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই এসব পদক্ষেপ নেয়া হবে।
