ইয়েমেনে সংঘাত বৃদ্ধির পর থেকে নিহত ২ হাজার ৩৬১: ডব্লিউএইচও

ইয়েমেনে সংঘাত বৃদ্ধির পর থেকে নিহত ২ হাজার ৩৬১: ডব্লিউএইচও

ফন্ট সাইজ:

ইয়েমেনে সৌদি জোটের সঙ্গে যুদ্ধ করছে হুতি বিদ্রোহীরা। গত আগস্টে সামরিক সংঘাত বৃদ্ধির পর থেকে সোমবার পর্যন্ত দেশটিতে ২ হাজার ৩৬১ জন নিহত হন। এ সময়ে আহত হন আরও ১০ হাজার ৯৮২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে (ডব্লিউএইচও) এ খবর দিয়েছে আল জাজিরা।

সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত ১৭ নভেম্বর থেকে সোমবার পর্যন্ত এক সপ্তাহেই ১০১ জন নিহত এবং ৪৬৩ জন আহত হন। হতাহতের এই ঘটনার বেশিরভাগই ঘটেছে দেশটির মধ্যাঞ্চলীয় শহর মারিবে। ডব্লিউএইচও জানায়, ইয়েমেনের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৩৯টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আগের প্রতিবেদনে উল্লেখ করা ২৮টির চেয়ে বেশি। পাশাপাশি ৮টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, লাহিজ প্রদেশে লড়াই চলমান থাকায় অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, আগস্টের শুরু থেকে এ পর্যন্ত মোট ৩ লাখ ৬৪ হাজার ২৬৪ জন মানুষ বাস্তুচ্যুত হন। এর মধ্যে গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত হন ১৫ হাজার ৭৩২ জন, যাদের দুই-তৃতীয়াংশই লাহিজের বাসিন্দা।