মার্কিন ডলারের বিপরীতে আবারও দুর্বল হচ্ছে দেশীয় মুদ্রা টাকা। আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি খোলাবাজারেও ডলারের দাম বেড়েছে। সরবরাহ সংকটের বিপরীতে চাহিদা বেড়ে যাওয়ায় নগদ ডলারের বিনিময় মূল্য ১৩০ টাকা ছাড়িয়েছে।
গত দুই দিন রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জারে প্রতি ডলার ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে বিক্রি হচ্ছে। যদিও মানি চেঞ্জার এসোসিয়েশনের নির্ধারিত বিক্রয়মূল্য ১২৯ টাকা ৫০ পয়সা।
রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতি ডলার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে ১৩০ থেকে ১৩০ টাকা ৫০ পয়সা। গত মঙ্গলবারও ডলারের দাম ১৩০ টাকার নিচে ছিল। দুই সপ্তাহ আগে খোলা বাজারে প্রতি ডলার ১২৮ টাকার আশপাশে লেনদেন হয়েছে। আর এক মাস আগেও খোলাবাজারে প্রতি ডলারের দাম ছিল ১২৫ টাকা ৫০ পয়সা থেকে ১২৬ টাকা ৫০ পয়সার মধ্যে। ফলে এক মাসের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম বেড়েছে প্রায় ৪ টাকা।
ফলে অল্প সময়ের ব্যবধানে নগদ ডলারের দাম বেশ বেড়েছে। খোলাবাজারের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দর ঊর্ধ্বমুখী। বর্তমানে ব্যাংকগুলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলার ১২৫ থেকে ১২৬ টাকা পর্যন্ত দরে কিনছে। আমদানির জন্য ডলার বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ ১২৫ টাকা ৩০ পয়সা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ১২৪ টাকা ৭৫ পয়সা। একই দিন স্পট মার্কেটে প্রতি ডলার লেনদেন হয়েছে ১২৪ টাকা ৮০ পয়সা থেকে ১২৫ টাকার মধ্যে। এক মাস আগেও স্পট মার্কেটে প্রতি ডলারের দাম ছিল ১২৪ টাকা ৩০ পয়সা।
এদিকে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন ও আমদানি-সংক্রান্ত ঋণপত্রের (এলসি) দায় পরিশোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি ডলারের বিপরীতে ব্যয় করতে হচ্ছে ১২৪ টাকা ৭৫ পয়সা। মাসের শুরুতে এ দর ছিল ১২৪ টাকা থেকে ১২৪ টাকা ১০ পয়সা। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে প্রত্যাশিত গতি না থাকায় বৈদেশিক মুদ্রার বাজারে চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বিদেশগামী যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় খোলাবাজারে নগদ ডলারের সরবরাহও কমেছে।
মানি চেঞ্জার ব্যবসায়ীরা জানান, ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী নগদ ডলার সংগ্রহ করতে না পারায় অনেক গ্রাহক খোলাবাজারের দিকে ঝুঁকছেন। এতে বাজারে নগদ ডলারের চাহিদা বেড়েছে। সরবরাহ সীমিত থাকায় দামও বাড়ছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং দেশের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য আমদানির বিল পরিশোধে সরকারি-বেসরকারি খাতে বাড়তি ডলারের প্রয়োজন হচ্ছে।
