এফবিআইয়ের শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা কুখ্যাত মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেজা-ফ্লোরেস। মেক্সিকোর সেনাবাহিনীর এক নাটকীয় অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে। ‘এল চ্যাপো ইসিদ্রো’ নামে পরিচিত এই কার্টেল নেতাকে ধরতে গিয়ে শুক্রবার সিনালোয়া রাজ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং গুলির শব্দে আতঙ্কিত হয়ে একটি বেসবল স্টেডিয়াম থেকে দর্শক ও খেলোয়াড়রা পালিয়ে যান। এ খবর দিয়েছে সিএনএন।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘লস মাজাতলেকোস’ কার্টেলের প্রধান মেজা-ফ্লোরেসকে ধরতে গুয়াসাভে শহরে অভিজাত সেনা সদস্যরা অভিযান চালালে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ও বিস্ফোরক নিয়ে পাল্টা হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার থেকেও পাল্টা গুলি চালানো হয়। মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ জানান, অভিযানে ৪ জন সেনা সদস্য এবং গ্রেপ্তার ঠেকাতে আসা ৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। অভিযানে মেজা-ফ্লোরেস ছাড়াও তার সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা ও অর্থনৈতিক পরিচালকসহ আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মেজা-ফ্লোরেসকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়।
সংঘর্ষের সময় গুয়াসাভের কুরোদা পার্ক স্টেডিয়ামে একটি বেসবল ম্যাচ চলাকালে বৃষ্টির মতো গুলির শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শকরা গ্যালারি থেকে এবং খেলোয়াড়রা মাঠ ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান। পরে লিগের বাকি ম্যাচগুলো বাতিল করা হয়। এছাড়া সন্ত্রাসীরা মহাসড়কে গাড়িতে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে এবং বিভিন্ন দোকানপাট ও গ্যাস স্টেশনে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় রাজ্য সরকার।
নব্বইয়ের দশক থেকে মাদক পাচারে জড়িত মেজা-ফ্লোরেসকে ধরিয়ে দেয়ার জন্য ৫০ লাখ ডলার (প্রায় ৬২ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছিল এফবিআই। যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হেরোইন, কোকেন, ফেন্টানাইল ও মেথ পাচারের পাশাপাশি গত সেপ্টেম্বরে তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। মেক্সিকোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসন এবং মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ গোয়েন্দা তথ্য বিনিময়ের ফলেই এই বড় সাফল্য এসেছে।
