ম্যারাডোনাহীন ছয় বছর, ফুরিয়ে আসছে বিচারের অপেক্ষা

ম্যারাডোনাহীন ছয় বছর, ফুরিয়ে আসছে বিচারের অপেক্ষা

ফন্ট সাইজ:

ফুটবল মাঠে অসম্ভবকে সম্ভব করেছেন কতবার! তার পায়ের জাদুতে আর্জেন্টিনা জিতেছিল বিশ্বকাপ, ইতালির নাপোলি ক্লাব উঠেছিল সাফল্যের শিখরে। অথচ সেই দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগের নিষ্পত্তি হয়নি ছয় বছরেও। অবশেষে ফুরিয়ে আসছে অপেক্ষা। আগামী ২২শে ডিসেম্বর ঘোষণা করা হবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুসংক্রান্ত মামলার ছয় অভিযুক্তের রায়। ২০২০ সালের ২৫ নভেম্বর মাত্র ৬০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন ম্যারাডোনা। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণের অস্ত্রোপচারের পর বুয়েনস আইরেসের উপকণ্ঠে তিগ্রের একটি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। ম্যারাডোনার মৃত্যু এড়ানো সম্ভব ছিল কি না, সেই প্রশ্ন ঘিরেই শুরু হয় তদন্ত।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও সমন্বয়হীনতায় অবনতি ঘটেছিল তার শারীরিক অবস্থার। মৃত্যুর আগের দিনগুলোতে বিপজ্জনক লক্ষণ দেখা দিলেও শেষ প্রায় ১২ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ। গত বছরের ১১ মার্চ শুরু হয়েছিল মামলার বিচার। তবে বিচারক জুলিয়েতা মাকিনতাচের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়ে অনুমোদনহীন তথ্যচিত্র নির্মাণে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় ২৯ মে
বাতিল হয়ে যায় বিচার। নতুন করে গত ১৪ এপ্রিল শুরু হয় বিচারপ্রক্রিয়া। ছয় মাসের বেশি সময় ধরে ৫১টি শুনানিতে সাক্ষ্য দিয়েছেন ৭০ জনের বেশি সাক্ষী। গত ২২ অক্টোবর শেষ হয় শুনানি। সাত অভিযুক্তের মধ্যে চিকিৎসক পেদ্রো দি স্পানিয়াকে ইতোমধ্যে খালাস দিয়েছেন আদালত। বাকি ছয়জনের ভাগ্য নির্ধারণ হবে আগামী ২২ ডিসেম্বর। ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক নিউরোসার্জন লেওপোলদো লুকের ১২ বছরের কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

বাসায় চিকিৎসাসেবা সমন্বয়ের দায়িত্বে থাকা ন্যান্সি ফোরলিনির ১০ বছর এবং মনোরোগ বিশেষজ্ঞ আগুস্তিনা কোসাচভের আট বছরের কারাদণ্ডের আবেদন করা হয়েছে। এ ছাড়া মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজের পাঁচ বছর এবং নার্সিং সমন্বয়ক মারিয়ানো পেরোনি ও নার্স রিকার্দো আলমিরনের চার বছর করে কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। অভিযুক্তরা অবশ্য নিজেদের নির্দোষ দাবি করে আসছেন। লুকের দাবি, তিনি দায়িত্ব পালন করেছেন। ম্যারাডোনাকে সাহায্য করতে নিজের সাধ্যের সবটুকু করেছেন বলে আদালতে জানিয়েছেন কোসাচভ।

অভিযুক্ত নার্স দাহিয়ানা মাদ্রিদের বিচার হবে পৃথকভাবে। বাবার মৃত্যুর ছয় বছর পরও স্বাভাবিকভাবে শোক পালনের সুযোগ পাননি ম্যারাডোনার মেয়ে জানা। মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগের বিচার বাতিল হয়ে যাওয়ায় এবারও শঙ্কায় ছিলেন। তবে এবারের বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট তিনি। আসন্ন রায় অন্তত তাকে বাবা হারানোর শোক পালনের সুযোগ করে দেবে বলে আশা জানার। ম্যারাডোনাকে ছাড়াই আর্জেন্টিনা জিতেছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ। ফুটবলের বরপুত্রকে হারিয়েও সাফল্যের আনন্দে ভেসেছে দেশটি। কিন্তু প্রিয় কিংবদন্তির মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের অপেক্ষা শেষ হয়নি তার পরিবার ও ভক্তদের। বড়দিনের ঠিক তিন দিন আগে আদালতের রায়। ছয় বছরের অপেক্ষার অবসান ঘটবে কি?