সামর্থ্যের ঘাটতি আছে বললেন শান্ত

সামর্থ্যের ঘাটতি আছে বললেন শান্ত

ফন্ট সাইজ:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সামর্থ্য ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। আর সেই বাস্তবতা স্বীকার করে নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, বাংলাদেশের সামর্থ্যের ঘাটতি রয়েছে। তবে সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হলে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার বিকল্প নেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘সামর্থ্যের তো অবশ্যই কমতি আছে। এটা স্বীকার করতেই হবে। তবে আমি মনে করি, আমরা মাঝখানে ভালো ক্রিকেটও খেলেছি। আমাদের নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। ম্যাচ হারা-জেতা থাকবেই। তবে কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, সেটা খুঁজে বের করতে হবে।’ শান্ত বলেন, ‘এই কন্ডিশন অবশ্যই কঠিন। তবে আমি বলব, টেস্ট ক্রিকেটে আমরা ভালো করছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে চার-পাঁচটি টেস্টে ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমরা যদি পরবর্তী ধাপে যেতে চাই, তাহলে কীভাবে ধারাবাহিকভাবে ভালো করতে পারি, সেটি গুরুত্বপূর্ণ। আমরা দেশে খেলি কিংবা দেশের বাইরে, ম্যাচ হারি বা জিতি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে যেন ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।’



পেস বোলিংয়ের বাংলাদেশের গভীরতা বাড়ানো জরুরী বলে মনে করে টাইগার অধিনায়ক। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘পার্থক্য তো অবশ্যই আছে। একদম বলব না যে অনেক পার্থক্য আছে, তবে কম-বেশি তো থাকেই। যারা বোলিং করেছে বা পাইপলাইনে আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কীভাবে ওই মানটা নিশ্চিত করা যায়। ইবাদত ভাই, খালেদ ভাই, তাসকিন ভাই অনেক বছর ধরেই খেলছেন। এই জায়গায় কীভাবে আরও উন্নতি করা যায়, সেটা গুরুত্বপূর্ণ। ইনজুরি থাকবেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের পেস বোলিং বিভাগে খেলোয়াড়ের সংখ্যা কীভাবে আরও বাড়ানো যায়। তাহলে হয়তো রোটেশন পদ্ধতিটা আরও ভালো হবে।’ শান্তও মানছেন, তিন বিভাগেই উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে। শুধু উন্নতির কথা বললে হবে না, মাঠের পারফরম্যান্সে সেটির প্রমাণ দিতে হবে। তার ভাষায়, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিন জায়গাতেই আমরা ভালো করতে পারিনি। আমার মনে হয়, তিন বিভাগেই আমাদের উন্নতির অনেক জায়গা আছে। সব সময় উন্নতির কথা বলি, কিন্তু এই জায়গাটাতে আসলে কাজে দেখাতে হবে। কন্ডিশন অনুযায়ী ক্যাচগুলো ধরা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিল্ডিংয়ে। ওই জায়গাগুলোতে আমরা মিস করেছি। প্রত্যেকের নিজ নিজ ভূমিকা ঠিকমতো পালন করতে পারলে সবার জন্য কাজটা সহজ হয়ে যাবে।’

​