২০২৭ আইপিএলের নিলামে নেই মোস্তাফিজ

ফন্ট সাইজ:

কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল- আবারও আইপিএলের নিলামে নাম দিয়েছেন মোস্তাফিজুর রহমান। বিসিবির পক্ষ থেকেও মিলেছিল তেমন আভাস। তবে শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় নাম নেই এই বাঁহাতি পেসারের।
মঙ্গলবার রাতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিলামের প্রাথমিক তালিকা পাঠায় আইপিএল কর্তৃপক্ষ। তালিকায় মোস্তাফিজ ছাড়াও নেই আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। তবে এই দুই তারকা না থাকলেও নিলামের জন্য নাম দিয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। ক্রিকবাজ ও ক্রিকইনফো এক প্রতিবেদনে বিষয়টি জানায়।
মোস্তাফিজের আইপিএল থেকে সরে দাঁড়ানোর পেছনে রয়েছে চলতি বছরের শুরুর তিক্ত অভিজ্ঞতা। ২০২৬ আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশ-ভারত ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিসিসিআইয়ের নির্দেশে টুর্নামেন্ট শুরুর আগেই কাটার মাস্টারকে ছেড়ে দেয় কলকাতা।
সেই ঘটনার রেশ গড়ায় বহুদূর। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত বিশ্বকাপই বর্জন করে টাইগাররা। কলকাতা সম্প্রতি তাদের রিলিজ লিস্টেও মোস্তাফিজের নাম রাখায় নতুন করে কোনো অনিশ্চয়তায় না জড়িয়ে নিজেকেই সরিয়ে নেন এই পেসার।
মোস্তাফিজ কিংবা সাকিব না থাকলেও নিলামের প্রাথমিক তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও তানজিম সাকিবদের মতো পেসারদের পাশাপাশি আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, শামীম হোসেন, পারভেজ ইমন, সাইফ হাসান, রিপন মণ্ডল ও মোহাম্মদ রুবেল। তবে এই ১২ জনের কারোরই আগে আইপিএল খেলার অভিজ্ঞতা নেই।
তাঁদের আইপিএল খেলার পথ যে পুরোপুরি মসৃণ, তেমনটা নয়। কারণ, মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিসিসিআইয়ের অবস্থান কী, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো স্পষ্ট কোনো নির্দেশনা পায়নি।
অন্যদিকে নিলামে মোস্তাফিজের নাম না থাকায় ২০২৭ আইপিএলে খেলার সম্ভাবনা যে শেষ, সেটাও বলা যাচ্ছে না। প্রাথমিক তালিকার বাইরে থেকেও ফ্র্যাঞ্চাইজিগুলো ২৭ নভেম্বর পর্যন্ত নতুন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাতে পারবে। ফলে মোস্তাফিজের জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এখনই এমনটা বলার সুযোগ নেই। তবে বিসিসিআইয়ের নির্দেশনা অমান্য করে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখাবে কি না, তা বড় প্রশ্ন।
এবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার; যার মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে ফিরছেন ইংলিশ তারকা বেন স্টোকস। সব দল মিলিয়ে জায়গা ফাঁকা আছে মাত্র ৬৬টি, যেখানে বিদেশি কোটা মোটে ২৫টি।