ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ফন্ট সাইজ:

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত ৫৬ জনকে সর্বোচ্চ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবার এবং দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্বসহ নানা শারীরিক ক্ষতির শিকার মানুষের পুনর্বাসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্ট বোর্ডের এই সহায়তা দেয়া হয়।

বুধবার দুপুরে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্ট বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক হস্তান্তর অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল, ঝিনাইদহ বিআরটিএ’র সরকারি পরিচালক দেবাশীষ বিশ্বাস, বিআরটিএর মোটরযান পরিদর্শক ইঞ্জিনিয়ার সজীব সরকার ও সোহাগ হুসাইন।

সহায়তা পাওয়া নিহতের পরিবারের সদস্য হরিণাকুণ্ড উপজেলার জোড়াদহ গ্রামের আনেছা জানান, সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে সংসারের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। স্বামীর মৃত্যুর পর পরিবার চালানো, দৈনন্দিন খরচ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছিল। সরকারের দেয়া ৫ লাখ টাকা তার পরিবারকে কিছুটা স্বাবলম্বী হতে সাহায্য করবে। এই অর্থ ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করবে বলে আশাবাদী তিনি।

একইভাবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্বের শিকার কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও সদর উপজেলার জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্বাভাবিক জীবন আর ফিরে পাননি তারা। কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে সংকটে পড়েছেন। চিকিৎসা ও সংসারের খরচ চালানো কঠিন হয়ে উঠেছে। সরকারের দেয়া ৩ লাখ টাকা তাদের অসহায় জীবনে বড় উপকারে আসবে বলে জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলী আজম মোহাম্মদ আবু বকর এমপি বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জীবনে মুহূর্তেই সবকিছু বদলে দেয়। উপার্জনক্ষম মানুষটি হারিয়ে গেলে পরিবারটি শুধু আর্থিক সংকটে পড়ে না, সন্তানদের ভবিষ্যৎ, শিক্ষা, চিকিৎসা ও জীবনযাপনের নিরাপত্তাও অনিশ্চিত হয়ে পড়ে। আর দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের জন্য স্বাভাবিক জীবনে ফেরার পথ হয়ে ওঠে আরও কঠিন। এমন বাস্তবতায় সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ বলে তিনি মনে করেন।

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, বিআরটিএ ট্রাস্ট বোর্ডের এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবিলা, পুনর্বাসন ও নতুন করে জীবন শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।