নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্র সংগঠনের

নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্র সংগঠনের

ফন্ট সাইজ:

পাকিস্তানি সিরিজ ‘জো বাঁচে হ্যায় সাং সমেত লো’ নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। খবর এনডিটিভির। গতকাল মঙ্গলবার লেখা ওই চিঠিতে সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান, সিরিজটি ভারতে যেন সম্প্রচার করা না হয় তা নিশ্চিত করতে। একই সঙ্গে ভারতীয় টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায় পাকিস্তানি কনটেন্ট, শিল্পী এবং প্রযোজনা সংশ্লিষ্ট কাজ নিষিদ্ধে স্থায়ী আইন প্রণয়নেরও দাবি জানানো হয়। এক্সে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি লিখেছে, সন্ত্রাসবাদের জন্য কোনো প্রশংসা নয়।

সবার আগে দেশ। এআইসিডব্লিউএ মোদির কাছে দেয়া চিঠিতে দাবি জানিয়েছে পাকিস্তানি সিরিজ ‘জো বাঁচে হ্যায় সাং সমেত লো’ যেন ৪ ডিসেম্বর ভারতে নেটফ্লিক্সে মুক্তি না পায়। পাকিস্তানের সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্টসহ কোনো ধরনের কনটেন্টেই ভারতীয় পর্দায় জায়গা নেই। আমরা এ ধরনের কনটেন্টের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে একটি শক্তিশালী ও স্থায়ী আইন প্রণয়নেরও দাবি জানিয়েছি। একই সঙ্গে নেটফ্লিক্স ইন্ডিয়া এবং সব ওটিটি প্ল্যাটফর্মের প্রতি আহ্বান জানিয়েছি, তারা যেন ভারতে কখনোই পাকিস্তানি কোনো কনটেন্ট প্রদর্শন না করে।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সংগঠনটি ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারিকৃত একটি পরামর্শপত্রের কথাও উল্লেখ করেছে। যেখানে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান ও পডকাস্টসহ পাকিস্তানি সব ধরনের কনটেন্ট সম্প্রচার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। সংগঠনটি নেটফ্লিক্স ইন্ডিয়াকে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে, ভারতে কোনো পাকিস্তানি কনটেন্ট না দেখাতে। ‘জো বাঁচে হ্যায় সাং সমেত লো’ সিরিজটি ফারহাত ইশতিয়াকের একই নামের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত। এতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সাঈদ, আহাদ রাজা মীর, হানিয়া আমির, হামজা আলী আব্বাসি ও ইকরা আজিজসহ অনেকে।