সিলেটে নিখোঁজের পর সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মা মানসিক রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, মা তার মেয়েকে নিয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস মঙ্গলবার বিকেলে নগরীর চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন। প্রমি ওই এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী।
নগরীর সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী জানান, নিখোঁজের পর সুরমা নদীতে তাদের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমির স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল। ১১ মাস বয়সী মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স যখন মাত্র তিন মাস তখন এই রোগ ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে স্ত্রী সবসময় দুশ্চিন্তায় থাকতেন। মেয়েকে সারাজীবন রক্ত দিতে হবে, বিভিন্ন ধরনের চিকিৎসা করাতে হবে এমন চিন্তা থেকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।
তিনি আরও জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে স্ত্রীর সঙ্গে কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না বলে জানান তিনি।
