মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি

মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি

ফন্ট সাইজ:

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে এবারের আসরে প্রত্যাশিত সাফল্য পেলেন না সামিরা খান মাহি। বিচারকদের মূল্যায়ন ও দর্শকদের ভোটের ভিত্তিতে নির্বাচিত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি। এর মধ্য দিয়েই এবারের মিস ইউনিভার্সে মাহির যাত্রার সমাপ্তি ঘটল।

এবারের প্রতিযোগিতায় দর্শকদের ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। এই ভোটের লড়াইয়ে বেশ ভালো অবস্থানে ছিলেন বাংলাদেশের প্রতিনিধি মাহি। এমনকি গ্র্যান্ড ফিনালে শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষ অবস্থানে ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ভোটের সমীকরণ বদলে যায়। ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম ভোটে এগিয়ে গিয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন।

অন্যদিকে, প্রাথমিক পর্বের পারফরম্যান্স এবং দর্শকদের ভোটের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত হন সেরা ৩০ প্রতিযোগী। সেই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা জায়গা পেলেও বাংলাদেশের প্রতিনিধি মাহির নাম ছিল না।