চলে গেলেন অভিনেতা সোহেল খান

চলে গেলেন অভিনেতা সোহেল খান

ফন্ট সাইজ:

‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য বেশ ক’দিন ধরেই বগুড়ায় অবস্থান করছিলেন অভিনেতা সোহেল খান। গতকালও মেকাপ নিয়ে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেটা আর হলো না। তাকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য দেখেন, তিনি বিছানায় পড়ে আছেন। ডেকে সাড়া না পেয়ে ওই সদস্য অন্যদের ডাকেন। এরপর তাকে দ্রুত বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার বয়স হয়েছিল ৬৬ বছর। চিকিৎসক জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সোহেল খানের। গতকাল ছিল ‘নসিব’ সিনেমায় সোহেল খানের শেষ দিনের শুটিং। কিন্তু সেটা আর হলো না। বরং শুটিংস্থল থেকে বাড়ি ফেরে সোহেল খানের নিথর দেহ। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে একই পরিচালকের রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করেন তিনি। ২০০৭ সালে প্রথম প্রচারিত এই ধারাবাহিকে তার সহশিল্পীদের মধ্যে ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।

অসংখ্য একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বড় পর্দায় সোহেল খানকে দেখা গেছে হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’সহ ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘দেশা: দ্য লিডার’ ‘বীর’ ও ‘শান’-এ। ২০২৫ সালে ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’তে তাকে দেখা যায় গ্যারেজের মালিকের চরিত্রে। ঢাকার ধামরাইয়ের রাজাপুরে সোহেল খানের গ্রামের বাড়ি। সেখানেই বাদ আসর তার জানাজা অনুুষ্ঠিত হয়।