সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে সামরিক যান চালান প্রধানমন্ত্রী। সামরিক যানে দ্বীপের দীর্ঘ ৮ কিলোমিটার আঁকাবাঁকা পথ ঘুরে ঘুরে জোয়ানদের মহড়া দেখেন তিনি। দুপুরে জোয়ানদের সঙ্গে তাদের রান্না করা খাবার খান প্রধানমন্ত্রী। ঢাকা ফেরার আগে জোয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সন্ধ্যায় ঢাকায় ফিরে সচিবালয়ে দাপ্তরিক কাজ করেন প্রধানমন্ত্রী। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে ঢাকা তেজগাঁও বিমানবন্দর থেকে থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী
সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত। আর আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।

নিজেই সামরিক যান চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে যৌথ সশস্ত্র বাহিনীর মহড়া দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকালে প্রধানমন্ত্রী নিজেই সাঁজোয়া যানে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালান বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত ৮ কিলোমিটার এটিভি ভেহিকল মডেল (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) এর সেনা যান চালিয়ে আসেন। এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

উপ-প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ৮ কিলোমিটার পথ অতিক্রম করার সময় দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রী যখন ৮ কিলোমিটার পথ অতিক্রম করছিলেন তখন এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে ধানের ক্ষেতের জমির পাশ দিয়ে কাদামাটির পিচ্ছিল পথ অতিক্রমের সময়ে আঁকাবাঁকা পথে গাড়িটি ধীরে ধীরে চলতে দেখা গেছে। উপ প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেছেন। তিনি তিন বাহিনীর মহড়াস্থল ঘুরে দেখছেন। জাহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী যৌথ অনুশীলন মহড়া পরিদর্শন করেন। সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত এই অনুশীলন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বাংলাদেশ বিমান বাহিনী বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’ অংশ নিয়েছে। তিন বাহিনীর এই মহড়ায় সামরিক সক্ষমতাসহ আন্তঃবাহিনীর সমন্বিত কার্যক্রম প্রদর্শিত হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী সকালে স্বর্ণদ্বীপে নেমে ‘বারো আউলিয়া’ যান। সেখানে তিন বাহিনী যৌথ মহড়া দেখেন, সেনা ছাউনিতে বসেন। এই সময়ে প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান, নৌ বাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান খাঁনসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী তিন বাহিনী কর্মকর্তা ও জোয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ যা স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। এই দ্বীপে ২০১৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ মহড়া এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এই প্রথম তিন বাহিনী যৌথ মহড়া অনুষ্ঠিত হলো যা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানে সেনা প্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে ভিউ-১ স্পটে যান। বারো আউলিয়া থেকে ভিউ পয়েন্ট-১ স্পটের দূরত্ব ৮ কিলোমিটার। এই পথে গাড়ি ড্রাইভ করেন প্রধানমন্ত্রী নিজেই। সেখানে এসে পৌঁছালে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী কর্মকর্তা ও জোয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন বলে জানান উপ প্রেসসচিব। তিনি বলেন, অত্যন্ত খোলামেলা পরিবেশে প্রধানমন্ত্রী অফিসার ও জোয়ানদের সঙ্গে দুপুরের খাবার খান। সেই খাবার মহড়াস্থলে জোয়ানরাই রান্না করেছেন।

এরপর প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন। প্রদর্শনী দেখে প্রধানমন্ত্রী তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী ভিউ পয়েন্ট-১ এ একটি বৃক্ষরোপণ করেছেন। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। স্বর্ণদ্বীপের হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তিন বাহিনী প্রধান।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন- পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল একেএম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপি’র কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

ওদিকে মহড়া পরিদর্শন শেষে বিকাল ৫টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার তেজগাঁও বিমান বন্দরে পৌঁছান। সারা দিন রোদে-গরমে স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়ে কর্মসূচি শেষে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রামে ফেরার কথা থাকলেও তা করেননি তিনি। দিনের কাজ শেষ করতে প্রধানমন্ত্রী ছুটে গেছেন সচিবালয়ে। সন্ধ্যা নামার পরও সেখানে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বলেন, প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছানোর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন। এরপর একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাপ্তরিক কাজে অংশ নেন।