কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কোনো তদন্ত করছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি দেশটির অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। তবে প্রতিষ্ঠানটিকে ‘ভালো করপোরেট’ হিসেবে অভিহিত করে তার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। এদিকে এনভিডিয়ার সদ্য পুনর্বহাল হওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের নিরাপত্তা ছাড়পত্রের অবস্থা সম্পর্কেও কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ব্লাঞ্চ। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে হুয়াং কীভাবে আবার দায়িত্ব ফিরে পেলেন, তা নিয়ে আইনপ্রণেতারা জবাবদিহি দাবি করছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগসহ বিবাহবহির্ভূত সম্পর্কের একাধিক ঘটনা প্রকাশ্যে আসার পর হুয়াংকে পদত্যাগে বাধ্য করা হয়। কিন্তু দুই সপ্তাহ পার হওয়ার আগেই তাকে আবার সিইও পদে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার একাধিকবার জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় কিংবা কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত করেছে কি না। জবাবে ব্লাঞ্চ বলেন, আপনি কী বিষয়ে কথা বলছেন, তা আমি জানি না। আগামী সপ্তাহে কংগ্রেসে হাজির হওয়ার কথা হুয়াংয়ের। সেখানে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই নারী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের নেতৃত্ব দিয়েছিলেন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার করপোরেট গ্রাহক।
হুয়াংয়ের বিরুদ্ধে সম্ভাব্য কোনো অপরাধের অভিযোগ উঠলে তাকে ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হবে বলে তিনি মনে করেন না। মঙ্গলবার প্রকাশিত নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি সব সময়ই একটি বিকল্প, আমার ধারণা। তবে আমার মনে হয় না, এর প্রয়োজন হবে।
এদিকে চীনে উন্নত প্রযুক্তির চিপ পাচারে সহায়তা করার সন্দেহে প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। গত সপ্তাহে যৌথ বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালে সম্ভাব্য রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছিল। তবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্লাঞ্চ বলেন, আইন মন্ত্রণালয় যেকোনো সময় শত শত, এমনকি তারও বেশি রপ্তানি সংক্রান্ত তদন্ত পরিচালনা করে থাকে। তিনি বলেন, তাই আপনি যখন বলছেন রপ্তানি সংক্রান্ত তদন্ত এখনো চলছে, তখন আপনি কী বিষয়ে কথা বলছেন, তা আমি জানি না।
চীনে চিপ সরিয়ে নেয়ার বিষয়ে এনভিডিয়া কিংবা হুয়াংয়ের কোনো পূর্বজ্ঞান ছিল কি না, তা খতিয়ে দেখতে চলমান প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সহযোগিতা করেছে কি না, জানতে চাইলে ব্লাঞ্চ বলেন, এনভিডিয়া যে ভালো করপোরেট, তা ছাড়া অন্য কিছু বলার কোনো কারণ তার কাছে নেই। তিনি আরও বলেন, স্পষ্টতই, এনভিডিয়া যদি তদন্তের লক্ষ্যবস্তু হয়ে থাকে, অথবা কোনো ফৌজদারি তদন্তের আওতায় থাকে কিংবা আমাদের তদন্তে বাধা দেয়, তাহলে প্রেসিডেন্ট আমেরিকার জনগণকে যে বার্তা দিচ্ছেন, তা হতো না। আমার পক্ষ থেকেও এমন বার্তা দেয়া উচিত হবে না।
হুয়াংকে পুনর্বহালের খবর প্রকাশের পর শেয়ারবাজারে এনভিডিয়ার মূল্য বেড়ে গেলেও মঙ্গলবারের অস্থির লেনদেনে সেই উত্থানের কিছুটা পতন ঘটে। দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ কমে যায়। তবে গত সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় তা তখনো অনেক বেশি ছিল। সোমবার হুয়াংয়ের ফিরে আসার খবরের পর এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশের বেশি বেড়েছিল। এদিকে মঙ্গলবার এনভিডিয়ার কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন হুয়াং। সিইও হিসেবে দায়িত্বে ফেরার পরদিন তিনি স্বীকার করেন, ভয়াবহ ভুল করেছেন। পাশাপাশি জানিয়েছেন, প্রতিদিন ৯০ মিনিট করে থেরাপি নিচ্ছেন তিনি।
