উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মীর প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

ফন্ট সাইজ:

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী নিয়ে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সূত্রে জানা গেছে, সম্পূর্ণ বিনা খরচে এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে যাচ্ছেন, তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর আগে লটারির মাধ্যমে এসব কর্মী বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে গত ৬ থেকে ৮ই নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু দু’দিনের সাক্ষাৎকারে নির্বাচিত ওই ৩০০ জনের মধ্যে কিছু সংখ্যক কর্মী অনুপস্থিত থাকেন। এ কারণে আগে নির্বাচিত ৩০০ জন বাদে অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে নতুন আরও ৫০ জন কর্মীকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। তাদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেয়া হচ্ছে।