আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে পদ্মা ব্যাংককে বিশেষ ব্যবস্থার (রেজোল্যুশন) আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোল্যুশন বিভাগ।
সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ, ২০২৬-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। এ প্রক্রিয়ার আওতায় ব্যাংকটির আর্থিক সংকট মোকাবিলা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় অধ্যাদেশে দেয়া ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক।
২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে যাত্রা শুরু করে ফারমার্স ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। একপর্যায়ে আর্থিক সংকট এবং গ্রাহকদের আস্থা হারানোর কারণে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের দায়িত্ব ছাড়তে হয়। সংকট থেকে উত্তরণের লক্ষ্যে পরবর্তী সময়ে ব্যাংকটির নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক।
ব্যাংকটির কার্যক্রম সচল রাখতে সরকারি ৪টি ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) থেকে মূলধন জোগান দেয়া হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে তার নেতৃত্বেও ব্যাংকের আর্থিক সংকটের কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ২০২৪ সালের শুরুর দিকে তিনি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নীতিগত সহায়তা দেয়া হলেও খেলাপি ঋণের ক্রমবৃদ্ধি এবং গ্রাহকদের আস্থার সংকট কাটিয়ে উঠতে পারেনি ব্যাংকটি।
বর্তমানে পদ্মা ব্যাংকের মূলধন ঘাটতি ঋণাত্মক পর্যায়ে রয়েছে। ব্যাংকটির বিতরণ করা মোট ঋণের ৯২ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। সুদ আয়ও ঋণাত্মক, পাশাপাশি তারল্য পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। আর্থিক সক্ষমতার প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে দুর্বল অবস্থানে থাকা ব্যাংকটির অদূর ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও ক্ষীণ।
