জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সমপ্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
জাহেদ বলেন, আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারত) ওখানে আছেন, যারা শুধু অভিযুক্ত না, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন-কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে। শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন যে, তিনি আসলে অনেক কিছু, তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে। জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বলছেন-তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ চাইছে, তাকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং দুটো বিষয় মিলে গেল। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই। তথ্য ও সমপ্রচার উপদেষ্টা জানান, নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিবহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে ৯৯টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, নভেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এসব ঘটনায় ২২টি মামলা ও ৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন। এই দলটির কর্মকাণ্ডের ওপর যেহেতু আইনি নিষেধাজ্ঞা আছে, তারা কোনো ঝটিকা মিছিল করতে পারে না বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এটা বেআইনি। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং গ্রেপ্তার হবেন।
এসব সহিংসতার ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ১০০ জন। এ সময়ে পুলিশের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে চারটি। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৮টি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সারা দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ধরনের ৭২টি ঘটনা ঘটেছে। আর অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
