একসময় একটি সাবান, ক্রিম কিংবা চুলের তেলের মাধ্যমেই ভোক্তার কাছে পরিচিতি পেতো কোনো ব্র্যান্ড। সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। ব্র্যান্ডগুলোর পণ্য বৈচিত্র্যের তুলনামূলক চিত্রে উঠে এসেছে উল্লেখযোগ্য পার্থক্য। প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া পণ্যতালিকা অনুযায়ী, রিমার্কের লিলি ব্র্যান্ডের অধীনে পণ্য রয়েছে সবচেয়ে বেশি ৩৮টি ক্যাটাগরি। এরপর ম্যারিকোর প্যারাসুটের রয়েছে ১৯টি, স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড মেরিলের ১৪টি, ইউনিলিভারের পন্ডসেরও ১৪টি আর কোহিনূর কেমিক্যালসের তিব্বত ব্র্যান্ডের ক্যাটগরি সংখ্যা ৭টি। লিলির পণ্যসম্ভারে রয়েছে স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, বেবি কেয়ার, কালার কসমেটিক্স ও বিউটি এক্সেসরিজসহ বিভিন্ন শ্রেণির পণ্য। ত্বকের পরিচর্যায় ফেসওয়াশ, ফেসমাস্ক, সিরাম জেল, সুথিং জেল, ময়েশ্চারাইজিং লোশন, বিউটি ক্রিম, লিপবাম ও মাইসেলার ওয়াটারের মতো পণ্য রয়েছে। চুলের যত্নে রয়েছে বিভিন্ন ধরনের শ্যাম্পু, সিরাম অয়েল ও হেয়ার গ্রোথ অয়েল। প্রসাধনী বিভাগে লিপস্টিক, মাসকারা, আইলাইনার, কাজল, ফাউন্ডেশন, বিবি ক্রিম, কনসিলার, কমপ্যাক্ট পাউডার, ব্লাশ, কনট্যুর, আইশ্যাডো প্যালেট ও নেইলপলিশ রয়েছে লিলির। শিশুদের পরিচর্যার পণ্য নিয়ে ব্র্যান্ডটির রয়েছে ‘লিলি লিটল ওয়ান’ সিরিজ।
এতে রয়েছে বেবি লোশন, টপ-টু-টো ওয়াশ, বেবি পাউডার, শ্যাম্পু, বেবি অয়েল, বেবি ক্রিম, সানস্ক্রিন, মশা প্রতিরোধক ক্রিম ও টুথপেস্ট। এছাড়া সৌন্দর্যচর্চার আনুষঙ্গিক পণ্য নিয়ে লিলির ‘এসেনশিয়ালস’ লাইনে রয়েছে মেকআপ ব্রাশ, বিউটি ব্লেন্ডার, কটন প্যাড, ফলস ল্যাশ, ফেক নেইল, চিরুনি, হেয়ার ব্রাশ, শাওয়ার ক্যাপ, পাউচ ব্যাগ, ক্লিপ, স্ক্রাঞ্চি ও হেডর্যাপসহ বিভিন্ন উপকরণ। রিমার্কের লিলি ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, ‘দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে লিলি ইতিমধ্যে ভোক্তাদের কাছে পরিচিত ও আস্থার একটি নাম হয়ে উঠেছে। স্কয়ারের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেন, বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য নিয়ে মানুষ এখনই অস্বস্তিতে। এজন্য সুযোগ এসেছে বাংলাদেশে উৎপাদনকারী ব্র্যান্ডগুলোর জন্য এগিয়ে যাওয়ার। অর্থনীতিবিদ সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেন, বাংলাদেশে একসময় বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে দেশীয় ব্র্যান্ডগুলোর উপস্থিতি সীমিত ছিল। এখন পরিস্থিতি বদলেছে। দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদিত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ তৈরি হয়েছে।
