ময়মনসিংহের ভালুকায় একটি রাজনৈতিক কার্যালয় দখলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম। মঙ্গলবার সকাল ১১টায় ভালুকা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, গত দু’দিন ধরে বিভিন্ন ফেসবুক পেজে একটি রাজনৈতিক কার্যালয়ে তিনি তালা লাগিয়েছেন বলে সংবাদ প্রচার করা হচ্ছে। তার দাবি, প্রকাশিত এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে মাজহারুল ইসলাম দাবি করেন, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম ক্রয়সূত্রে সংশ্লিষ্ট জমির মালিক। জমিটি তার ভোগদখলে থাকা অবস্থায় তার ভাতিজা ও তৎকালীন পৌর যুবলীগের সভাপতি মো. আলমগীর হোসেন সোহেল সেখানে যুবলীগের কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনা করতেন। মাজহারুলের অভিযোগ, ৫ই আগস্টের পর মোস্তাফিজুর রহমান মামুন ওই কার্যালয়টি দখল করে ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করছিলেন।
পরবর্তী সময়ে জমির মালিক হাজী রফিকুল ইসলাম তার ভাতিজার মাধ্যমে কার্যালয়টি উদ্ধার করেন। এরপর পুনরায় জায়গাটি দখলের চেষ্টা থেকেই রাজনৈতিক ইস্যু তৈরি করে তাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাজহারুল ইসলাম বলেন, কার্যালয়টি উদ্ধারের পর জায়গাটি রাজনৈতিক কার্যালয় হিসেবে ভাড়া না দিয়ে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য ভাড়া দেয়ার বিষয়ে আলোচনা চলছিল। বিষয়টি জানতে পেরে তিনি জায়গাটি ভাড়া নেয়ার আগ্রহ প্রকাশ করেন। ওই এলাকায় তার একটি স্বপ্ন সুপার শপ ও একটি ক্যাফে রয়েছে। জায়গাটি ভাড়া নেয়ার আগ্রহ প্রকাশ করাকে কেন্দ্র করেই তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মাজহারুল ইসলাম আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে জায়গাটিকে মোস্তাফিজুর রহমান মামুনের রাজনৈতিক কার্যালয় হিসেবে উল্লেখ করা হচ্ছে, প্রকৃতপক্ষে সেটির মালিক হাজী মো. রফিকুল ইসলাম। তবে জমির মালিকানা, কার্যালয়ের দখল এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে মোস্তাফিজুর রহমান মামুন ফোন রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
