যশোরে আগামী ২৭শে নভেম্বর শুক্রবার শুরু হতে যাচ্ছে সাদ অনুসারীদের ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা। এতে অংশ নেবেন প্রায় ৫০ হাজার দেশি-বিদেশি মুসল্লি। এ লক্ষ্যে ইজতেমা মাঠ, মঞ্চ তৈরিসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। মঙ্গলবার দুপুরে যশোর উপ-শহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য দেন আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে ইজতেমা ব্যবস্থাপনা কমিটির প্রধান কেশবপুর তাবলীগ জামাত আমীর ইমারাত হোসেন জানান, আগামী ২৭-২৯শে নভেম্বর যশোর জেলা মারকাজ মসজিদ সংলগ্ন মাঠে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দিল্লির নিজামুদ্দিন ভক্ত মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নেবেন। মুসল্লিদের ইবাদত, থাকা, খাওয়া ও অবস্থানের জন্য তাঁবু, প্যান্ডেল ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবকের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া মুসল্লিদের দৈনন্দিন ব্যবহার ও পান করার জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া তাৎক্ষণিক অসুস্থ হলে মেডিকেল টিমেরও ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও জানান, এবারে ইজতেমায়, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব সহ কয়েকটি দেশের মুসল্লি অংশ নেবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তাবলীগ জামাতের যশোর জেলা আমীর ইঞ্জিনিয়ার খায়রুল আমীন, ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ইয়ামিনুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ২৭শে নভেম্বর শুক্রবার জুমার নামাজের মাধ্যমে শুরু হবে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। ২৯শে নভেম্বর ফজরের পর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৩ দিনের এই ইজতেমা।
