বরগুনার আমতলীতে ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে হতভাগ্য বৃদ্ধ মা উম্মে কুলসুম বেগম। গত ৮টি বছর পেরিয়ে গেলেও এখনো ছেলে হত্যার বিচার পায়নি সন্তানহারা ওই মা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপি’র কার্যালয়ে ওই অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সন্তানহারা বৃদ্ধা মা উম্মে কুলসুম বেগম। সংবাদ সম্মেলনে তিনি তার ছেলে হত্যায় যারা জড়িত সেই সকল খুনিদের গ্রেপ্তার, বিচার ও ফাঁসির দাবি করেন।
লিখিত বক্তব্যে মা উম্মে কুলসুম বেগম উল্লেখ করেন, ৮ বছর পূর্বে গত ২০১৮ সালের ১০ই এপ্রিল উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা বাজারে বসে রাতের আঁধারে একই ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফকে আওয়ামী সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। ওই হত্যার মাস্টারমাইন্ড ঢাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দা মো. মোশাররফ হোসেন হিরু। তিনি একাধিকবার আবু ইউসুফকে হত্যার হুমকি দিয়েছিলেন। এমন অভিযোগে তার বিরুদ্ধে ২০১৩ সালে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। মো. মোশাররফ হোসেন হিরু নেপথ্যে থেকে স্থানীয় নিজাম উদ্দিন তালুকদার, জাফর হোসেন হাওলাদার, মনির, রফিক, খোকন, সেন্টু, মিজানুর রহমান, রিপন, রুবেল, লিয়ন গাজী, সহিদুল ইসলামসহ আরও অনেক আওয়ামী সন্ত্রাসীরা একত্রিত হয়ে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। ওই হত্যা মামলায় মো. মোশাররফ হোসেন হিরুকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করে ওই হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি করা হয়েছে। মা উম্মে কুলসুম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে হত্যার ৮ বছর পেরিয়ে গেছে। আমি আমার ছেলের খুনিদের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরেও তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার আমলে কোনো বিচার পাইনি। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমার ছেলে হত্যায় মো. মোশাররফ হোসেন হিরুসহ যারাই জড়িত তাদের গ্রেপ্তার, বিচার, খুনিদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা যুবদলের সভাপতি মো. কবির উদ্দিন ফকির। আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. ফারুক হোসেন মৃধা, সাবেক সদস্য সচিব ডা. মো. জসিম উদ্দিন ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাঈনুদ্দিন মামুন শিকদার, উপজেলা যুবদলের সদস্য নিজাম উদ্দিন আহম্মেদ, নিহত আবু ইউসুফের ভাই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর সাঈদসহ বিভিন্ন সংবাদকর্মীরা।
