যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আক্কাস আলী বলেছেন, প্রয়োজনে কফিনের বঙ খুলে দেখা হবে, হাসিনার মাথা আছে কি না। সোমবার রাতে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেনাপোল সীমান্ত এলাকায় টহলের সময় সাংবাদকিদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
গত রোববার ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন নাফিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ বেশ কয়েকজন পলাতক নেতা জড়ো হয়ে বৈঠক করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবে নতুন করে সীমান্ত এলাকায় বসবাসরত গ্রামবাসীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করে।
এমন গুজব ছড়িয়ে পড়লে সোমবার রাত থেকে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সূক্ষ্মভাবে নজরদারি করতে বেনাপোলের বিভিন্ন সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা বসাতে দেখা গেছে। এই সিসি ক্যামেরার মাধ্যমে ক্যাম্প থেকে সারাক্ষণ নজরদারি করছে বিজিবি সদস্যরা। সেইসঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পাশাপাশি বিজিবি’র সঙ্গে রাত জেগে বিএনপি’র নেতাকর্মী ও গ্রামবাসীদের সীমান্ত পাহারা দিতে দেখা গেছে। এ ছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। বাড়ানো হয়েছে বিজিবি’র টহল কার্যক্রম।
সীমান্তঘেঁষা সাদিপুর গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমরা রাত জেগে বিজিবি’র সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছি। দেশের স্বার্থে আমরা সীমান্ত এলাকায় বিজিবিকে সহযোগিতা করে যাবো। বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি আতিকুজ্জামান সনি বলেন, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র সঙ্গে সারাক্ষণ পাহারা দিচ্ছে বিএনপি’র নেতাকর্মীরা। এ ছাড়া নাশকতা থেকে বন্দরকে রক্ষা করতে আমাদের শ্রমিক দলের তিন হাজার শ্রমিক বন্দর এলাকায় পাহারা দিচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। তিনি এই বন্দর দিয়ে আসার চেষ্টা করলে তাকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে পাশাপাশি রাতে সার্চলাইট জ্বালিয়েও সীমান্ত পাহারা দেয়া হচ্ছে। এমনকি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
