চট্টগ্রাম বন্দরের সিসিটির দায়িত্ব নিলো বিএনপি’র এমপি’র প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনালের (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। এর মধ্যদিয়ে বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) পর সিসিটি পরিচালনার দায়িত্ব থেকেও সরে গেল সাইফ পাওয়ারটেক লিমিটেড। ছয় বছর ধরে টার্মিনালটি পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। নতুন অপারেটর হিসেবে আগামী ছয় মাসের জন্য দায়িত্ব পেয়েছে বিএনপি’র এমপি শাহাদাত হোসেন সেলিমের প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস।

সোমবার দিনগত রাত ১২টা থেকে নতুন অপারেটরের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনের পর ২৪শে নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেয় প্রতিষ্ঠানটি। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর-সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির স্বাক্ষরিত চিঠিতে এ নিয়োগের অনুমোদন দেয়া হয়। চিঠিতে বলা হয়, সিসিটি এলাকায় কন্টেইনার ও কন্টেইনারজাত পণ্য ওঠানামার কার্যক্রম পরিচালনায় সর্বনিম্ন দরদাতা হিসেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগ দেয়া হয়েছে।

বন্দর সূত্র জানায়, গত ১৭ই নভেম্বর সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) সিসিটি পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়। ১৮ই নভেম্বর দরপত্রের শিডিউল কেনা এবং ১৯শে নভেম্বর দুপুর ১২টার মধ্যে তা জমা দেয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। এতে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা দর প্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হয়। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ৪২ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা দর প্রস্তাব করে।

এভারেস্ট পোর্ট সার্ভিসেসের মালিক লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনা করছে। তবে দরপত্রের সময়সীমা নিয়ে আপত্তি তুলেছে বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স এসোসিয়েশন (বোটসোয়া)। সংগঠনটির সভাপতি ফজলে একরাম চৌধুরীর অভিযোগ, সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী সীমিত দরপত্র পদ্ধতিতে দরপত্র জমা দেয়ার জন্য ১৪ দিন সময় দেয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। মাত্র একদিনের ব্যবধানে দরপত্র কেনা ও জমা দেয়ার সময় নির্ধারণ করায় অনেক অপারেটর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।
তিনি জানান, এ ঘটনায় সংক্ষুব্ধ পক্ষ আইনের আশ্রয় নেয়ার প্রস্তুতি নিচ্ছে। উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। দরপত্রে অংশ নিতে না পারার অভিযোগ করেছে বিদায়ী অপারেটর সাইফ পাওয়ারটেকও। প্রতিষ্ঠানটির দাবি, ১৮ই নভেম্বর আবেদন করলেও দাপ্তরিক প্রক্রিয়া ও ব্যাংক লেনদেনের সময় শেষ হয়ে যাওয়ায় তারা দরপত্রের শিডিউল কিনতে পারেনি। এ কারণে সময়সীমা ১০ দিন বাড়ানোর আবেদন করা হলেও বন্দর কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, পিপিআর ও সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করেই দরপত্র আহ্বান করা হয়েছে। বন্দর সদস্য (প্রকৌশল)-এর নেতৃত্বে সাত সদস্যের মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে নৌপরিবহন মন্ত্রণালয় নতুন অপারেটর নিয়োগের অনুমোদন দিয়েছে। নতুন প্রতিষ্ঠান ইতিমধ্যে দায়িত্ব বুঝে নিয়েছে। তিনি আরও বলেন, গত ২রা নভেম্বর সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর টার্মিনালের কার্যক্রম সচল রাখতে প্রতিষ্ঠানটিকে আরও তিন সপ্তাহ সময় দেয়া হয়েছিল। সোমবার সেই বর্ধিত সময়ও শেষ হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই টার্মিনালের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য সরকারের নির্দেশনায় দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখানে কাউকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, ৪৫০ মিটার দৈর্ঘ্যের সিসিটি জেটিতে একই সময়ে দু’টি জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা করা যায়। গত ছয় বছর প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।