খুলনা মহানগরীতে দিনদুপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহ-সভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি করার আগে তার সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তিও হয়। এ ছাড়া নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি এবং দ্যা পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার সকালে নগরীর সদর থানার বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি দরজা বন্ধ করে দেয়া হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দরজায় গুলির চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি আরও জানান, সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। কী কারণে এবং কারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।
এদিকে দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না। অন্যদিকে, বিকালে নগরীর দ্যা পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করেও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা দাবিতে হুমকির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে রেস্টুরেন্টটি চালু করা হয়। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে গুলির ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকালে বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি রেস্টুরেন্টের উপরের সাইনবোর্ডে লাগে। তিনি বলেন, চাঁদাবাজদের ভয়ে এতদিন রেস্টুরেন্টটি বন্ধ ছিল। পুলিশের নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার সেটি চালু করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল বলেও জানান তিনি।
