‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’- এমন স্ল্লোগানে নেত্রকোণার কেন্দুয়ায় বাহরাইল বিল উপ-প্রকল্পের আওতায় ফার্ম অ্যাকসেস রোড নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের কৃষকদের উদ্যোগে বাহরাইল বিল উপপ্রকল্পের নির্মাণাধীন ফার্ম অ্যাকসেস রোডের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।
তাদের অভিযোগ, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার দুই ফসলি জমি এক ফসলি জমিতে পরিণত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হবে। এ কারণে প্রকল্প বাতিল না হলে ‘জান দেব তবু ফসলি জমি নষ্ট হতে দেব না’ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন জুড়াইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল আজিজ, স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া, উপজেলা সমবায় দলের আহ্বায়ক আল আমিন, সাবেক ইউপি সদস্য আবু সালেক, কৃষক শহিদুল ইসলাম, জুয়েল রানা ও ফজু রহমানসহ অন্যরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী গণমাধ্যমকর্মীদের জানান, কৃষকদের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের দায়িত্ব উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় জাইকার অর্থায়নে প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে জুড়াইল গ্রাম থেকে ইটাচকি গ্রাম পর্যন্ত ২ হাজার ১০০ মিটার দৈর্ঘ্যের বাহরাইল বিল উপপ্রকল্পের ফার্ম অ্যাকসেস রোড নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটির মাঝামাঝি অংশে সমপ্রতি নির্মাণকাজ শুরু হলেও কৃষকদের বাধার মুখে জুড়াইল ও ইটাচকি অংশে কাজ এগোতে পারছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ নিয়ে এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
