কুলিয়ারচরে ভাড়া বাসায় থেকে ডাকাতি, আটক ৫

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভাড়া বাসায় থেকে চুরি ডাকাতি ইয়াবা ব্যবসায় লিপ্ত ৫ সদস্যের এক চোর চক্রকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধৃত চোরদের মধ্যে ৪ জনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় এবং একজনের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়।

কয়েকদিন আগে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আগরপুর পশ্চিমপাড়া মো. জাহেদ আলীর টিনশেড বাড়িতে চোর চক্রটি বাসা হিসেবে ভাড়া নেয়। নতুন এই ভাড়াটিয়ারা দিনের বেলায় সারাদিন বাসা বন্ধ করে ঘুমায় এবং রাতের বেলায় বাসা তালাবদ্ধ থাকে। এতে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। এ অবস্থায় গত সোমবার সন্ধ্যার পর স্থানীয়রা চোর চক্রের ভাড়া বাসা ঘেরাও করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেশীয় অস্ত্র, দা, কুড়াল, ছুরি, করাত, প্লাস্টিকের বাঁটসহ স্ক্রু এবং ৮ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতরা হলো-ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত কাজল মিয়ার পুত্র রামিম ওরফে ইমন (২৫) ও মো. রাফি (২৩)। তারা সম্পর্কে আপন দুই ভাই। অপর আসামি একই গ্রামের মৃত মুসলিম মিয়ার পুত্র মো. আলমগীর (৩০) এবং কমলাপুর এলাকার মাসুদ মিয়ার পুত্র বাবু হাসান (১৯); অপরজন নরসিংদী জেলার রায়পুর উপজেলার রামনগর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র ইয়াছিন (২৭)।

স্থানীয়দের অভিযোগ এই চক্রটি কয়েকদিন আগে উপজেলার পশ্চিম জগৎচর গ্রামের একটি মসজিদ থেকে মাইকের ব্যাটারি ও পানির পাম্প চুরি করে নিয়ে বিক্রি করে দেয়। এই ঘটনায় কুলিয়ারচর থানা পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি এবং মাদকের পৃথক দু’টি মামলা দায়ের করেছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্র ও মাদক ইয়াবাসহ থানায় নিয়ে আসি। পরে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।