চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে চিনির দাম কমতে শুরু করেছে। রমজান সামনে রেখে আমদানি ও সরবরাহ বাড়ায় গত দুই সপ্তাহে প্রতিমণে (৩৭ দশমিক ৩২ কেজি) দাম কমেছে প্রায় ১০০ টাকা। তবে পাইকারি বাজারে দাম কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। আগের মতোই প্রতি কেজি চিনি ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিনির আড়তদাররা বলছেন, বর্তমানে বাজারে চিনির সরবরাহে বড় ধরনের সংকট নেই। আমদানি বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও চিনির বুকিং দর কমছে। ফলে পাইকারি বাজারে দামের নিম্ন্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। আমদানি অব্যাহত থাকলে সামনে দাম আরও কমতে পারে।
মঙ্গলবার খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে ৩ হাজার ৭৫০ থেকে ৩ হাজার ৭৬০ টাকায়। দুই সপ্তাহ আগে একই পরিমাণ চিনি বিক্রি হয়েছিল ৩ হাজার ৮৫০ টাকায়। এক মাস আগেও প্রতি মণ চিনির দাম ছিল ৩ হাজার ৮৫০ থেকে ৩ হাজার ৮৬০ টাকা। তবে পাইকারি পর্যায়ে দাম কমার সুফল পাচ্ছেন না ভোক্তারা। খুচরা বাজারে এখনো প্রতি কেজি চিনি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এতে পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান থাকলেও খুচরা পর্যায়ে দাম কমানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খাতুনগঞ্জের ব্যবসায়ী ফরহাদ আহমেদ জানান, এ বাজারে দীর্ঘদিন ধরে পণ্য কেনাবেচায় ডেলিভারি অর্ডার (ডিও) স্লিপের মাধ্যমে লেনদেনের প্রচলন রয়েছে। পণ্য হাতে পাওয়ার আগেই এসব স্লিপ কেনাবেচা হয়। কোনো কোনো প্রতিষ্ঠান বাজারে পণ্য সরবরাহের আগেই নির্দিষ্ট পরিমাণ পণ্যের ডিও বিক্রি করে। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে পণ্যের দাম বেড়ে গেলে ডিও বিক্রি করা প্রতিষ্ঠান অনেক সময় পণ্য সরবরাহে গড়িমসি করে। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের মজুতের তুলনায় বেশি ডিও বিক্রি করা হয়। এতে সময়মতো পণ্য সরবরাহ ব্যাহত হয় এবং বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, সরবরাহ বাড়ার কারণেই চিনির দাম কমছে। ভোগ্যপণ্যের বাজার সব সময় চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে ওঠানামা করে। কোনো পণ্যের দাম বাড়লে সিন্ডিকেটের কারসাজির অভিযোগ ওঠে, কিন্তু দাম কমলে এ নিয়ে তেমন আলোচনা হয় না। তার মতে, বর্তমানে চিনির বাজারে সরবরাহ ঘাটতি না থাকায় দাম কমছে।
তিনি আরও বলেন, রমজান সামনে রেখে চিনি আমদানি বেড়েছে। আমদানি আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে। স্থানীয় চিনিকলগুলো চালু হলে সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে। তবে সিটি গ্রুপ ও এস আলম গ্রুপের চিনিকল বন্ধ থাকায় দেশে পরিশোধিত চিনির সরবরাহ সীমিত রয়েছে।
রমজানের আগে আমদানি বাড়ায় খাতুনগঞ্জে কমছে চিনির দাম, সুফল নেই খুচরা বাজারে
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৫ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
