বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

ফন্ট সাইজ:

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং পলাতক স্বৈরাচারী শাসকগোষ্ঠী লাশের রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি এগিয়ে এসেছে। সেই ভালোবাসাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে সব অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেয়া হবে। আগামী ২রা ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, কারা আগুন-সন্ত্রাস করছে, কারা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে, আর কারা লাশের রাজনীতি করে, তা ইতিহাসই বলে দেবে। তিনি অভিযোগ করেন, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ইতিহাস নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের। ১৯৭২ সাল থেকে দলটি এ ধরনের কর্মকাণ্ড করে আসছে বলেও দাবি করেন তিনি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ওই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৩০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন বলে তিনি দাবি করেন। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।