আশুলিয়ার তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর

মেলেনি ক্ষতিপূরণ, বিচারও হয়নি, দুর্বিষহ জীবন আহত শ্রমিকদের

ফন্ট সাইজ:

আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনস ট্র্যাজেডির ১৪ বছর পেরিয়েছে। কিন্তু আজও বিচার হয়নি দোষীদের। নিহতের স্বজন ও আহতরা এখনো বিচারের অপেক্ষায়। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে প্রাণ হারান ১১৪ জন শ্রমিক। আহত হন দুই শতাধিক। যারা প্রাণে বেঁচে ফিরেছিলেন, তাদের অনেকের জীবন থমকে আছে শারীরিক যন্ত্রণা ও অভাব-অনটনে। প্রতিশ্রুতি ছিল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও উপযুক্ত ক্ষতিপূরণের। কিন্তু ১৪ বছরেও তার বেশির ভাগই বাস্তবায়িত হয়নি।

তাজরীন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পায়নি প্রত্যাশিত ক্ষতিপূরণ। অন্যদিকে এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের বিচারও এখনো অধরা। ফলে ১৪ বছর পরও তাজরীন ট্র্যাজেডির ক্ষত বয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী শ্রমিক ও তাদের স্বজনেরা। মঙ্গলবার তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো। ২০১২ সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরীন কারখানাটিতে ভয়াবহ আগুনে প্রাণ হারান ১১৪ জন শ্রমিক। আহত হন দুই শতাধিক। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। তাদের মধ্যে অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করে কর্মক্ষমতা হারিয়েছেন।

দীর্ঘ ১৪ বছরেও তাদের জীবনমানের তেমন কোনো পরিবর্তন হয়নি। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানার সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় আয়োজিত মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবি জানানো হয়।

২০১২ সালের ২৪শে নভেম্বর সন্ধ্যায় কারখানার নিচতলার গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে নয়তলা ভবনের বিভিন্ন তলায়। নিচতলার ফটক তালাবদ্ধ থাকায় অনেক শ্রমিক বের হতে পারেননি। প্রাণ বাঁচাতে অনেকে ওপরের তলা থেকে লাফিয়ে পড়েন। তাদের কেউ প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন। ভেঙে যায় হাত-পা, বুকের পাঁজর ও কোমরের হাড়। কেউ কেউ চিরদিনের জন্য হারান স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা। অগ্নিকাণ্ডের পর আহত শ্রমিকদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু শ্রমিক নেতাদের অভিযোগ, দীর্ঘ সময়েও এসব প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ন হয়নি। অনেক আহত শ্রমিক এখনো নিয়মিত চিকিৎসা করাতে পারেন না। শারীরিক অক্ষমতার কারণে কাজ করতে না পারায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কেউ অন্যের সহায়তায় চলছেন, কেউ আবার চিকিৎসা ও সংসারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন।

শ্রমিক নেতাদের দাবি, অগ্নিকাণ্ডে আহত শ্রমিকের সংখ্যা এক হাজারের বেশি। তাদের মধ্যে ১৭২ জন স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। অনেকেরই আর পোশাক কারখানায় কাজ করার সামর্থ্য নেই। অথচ তাদের জন্য স্থায়ী পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান কিংবা পর্যাপ্ত আর্থিক সহায়তার কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি। এ সময় তারা ক্ষতিগ্রস্ত কারখানা ভবনটি ভেঙে সেখানে আহত শ্রমিকদের জন্য আবাসন এবং শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান। পাশাপাশি নিহত শ্রমিকদের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, স্থায়ী পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান।