ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ৬ প্রতিষ্ঠানের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ ছাড়া ফেনী সরকারি কলেজের জন্য দুইটি ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য একটি বাস বরাদ্দ এবং ফেনী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের বিষয়েও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ খবরে উচ্ছ্বাসে ভাসছেন ফেনীবাসী। এখন প্রত্যাশার প্রতিফলনের অপেক্ষা।

ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিনের আবেদনের প্রেক্ষিতে ৬টি পৃথক বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে পৃথক পৃথক চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত সোমবার চিঠিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ১৬ই নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠিগুলো পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন।

চিঠিগুলোর তথ্য অনুযায়ী, ফেনী সদর উপজেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয়তার ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে দু’টি পৃথক চিঠি দেয়া হয়েছে। অন্যদিকে, ফেনী সদরে একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ফেনী সরকারি কলেজের জন্য দু’টি পরিবহন বাস বরাদ্দের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে চিঠি পাঠানো হয়েছে। ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য একটি বাস বরাদ্দের বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে দেয়া হয়েছে আরেকটি চিঠি। এ ছাড়া ফেনী-২ আসনের আওতাধীন ফেনী পৌরসভা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের জন্য স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিবকে পৃথক চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।