কালোবাজারে নেয়ার পথে ৭০০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে নেয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকভর্তি সার জব্দ করে সদর মডেল থানা পুলিশ। এ সময় চালককেও আটক করা হয়। আটক ট্রাকচালকের নাম আব্দুল মান্নান। তিনি যশোরের অভয়নগর উজেলার মশিউর নগরের আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাটের বিসিআইসি’র ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেয়া হচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সারসহ ট্রাকটি জব্দ করে নিয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, বিসিআইসি’র ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে তিনি সার কালোবাজারিতে জড়িত।

তবে সার আটকের পর থেকে মুঠোফোন বন্ধ করে পলাতক রয়েছেন ডিলার হুমায়ুন কবির ও তার ছেলে বাবু। সকাল থেকে দোকানও বন্ধ। পুলিশ জানায়, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার যশোর থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান চালিয়ে সার জব্দ করা হলেও ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে সার নেয়ার পথে উদ্ধার করা ৭০০ বস্তা সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।