ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ ট্রেন চলাচল ব্যাহত

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে নিয়ে প্রস্তাবিত বরিশল উপজেলা করার চেষ্টার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকার মানুষ। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে ১ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার সকালে চান্দপুর স্কুল মাঠে ওই ইউনিয়নকে উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সভা আহ্বান করা হয়। সভা চলাকালে সকাল ১১টার দিকে রেলপথ অবরোধ করা হয়।

দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনটি আটকা পড়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে বাসুদেব ইউনিয়ন থেকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়। এবার বরিশল ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। যাতে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নকে বরিশলে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এর প্রতিবাদে গতকাল সকালে পাঘাচং রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করে ইউনিয়নের বাসিন্দারা। এতে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ। পরে সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে। এর ফলে সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।