দু’টি শ্রমিক সংগঠনের লোড-আনলোড কার্যক্রম নিয়ে দ্বন্দ্বের কারণে গত ৪দিন ধরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় বন্ধ পাথরের লোডিং কার্যক্রম। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়া সহ শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। তবে বন্দরটি দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দেখা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও আমদানি করা এলসি পাথর নিয়ে বিপাকে পড়েছেন পাথর ব্যবসায়ী ও সরবরাহকারীরা।
একই সঙ্গে লোডিং কার্যক্রম না হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার সাধারণ শ্রমিক। এছাড়া আটকা পড়ে আছে পাথর ক্রয় করতে আসা দেশের বিভিন্ন জেলার ট্রাক। আমদানিকারকদের দাবি পাথর লোডিং বন্ধ হয়ে পড়লে প্রভাব পড়বে আমদানি-রফতানি কালক্রমে। এদিকে, শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন উভয় সংগঠনের নেতারা। বাংলাবান্ধা স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক সংগঠনের সভাপতি আখতারুল ইসলাম বলেন, আমরা বন্দরের লোড আনলোড এর কার্যক্রমের সাথে যুক্ত।
দীর্ঘদিন ধরে আমাদের শ্রমিকেরা এ কার্যক্রম করে আসছে। কিন্তু গত ৩-৪ দিন আগে তিরনই লেবার অফিসের লোকজন গাড়ি আটকে দিচ্ছে। যার কারণে কার্যক্রম বন্ধ হয়ে আছে। অনেক গাড়ি আটকা পড়েছে এবং শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। বন্দর কর্তৃপক্ষ যেভাবে আমাদের কাজ করাচ্ছে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। মূলত তারা বন্দরের কার্যক্রম নেয়ার জন্য ওই সংগঠনের একটি চক্র বিভেদ তৈরি করছে। আমাদের দাবি যেহেতু আমরা বন্দরে কাজ করছি আগামীতেও করে যাব।
বাংলাবান্ধা ইউনিয়নের লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের সচিব শাকিল হোসেন বলেন, দ্বন্দ্বের কিছু নেই। আমরা দীর্ঘদিন ধরে এখানে লোড আনলোড এর কাজ করে আসছি। সম্প্রতি ব্যবসায়ীরা আমাদের চাপ দিয়েছে পেলুডা গাড়ি দিয়ে লোডের কার্যক্রম করতে হবে। সে হিসেবে আমরা কাজ করছিলাম। হঠাৎ এই কুলি শ্রমিকরা আমাদের বাধা দিতে শুরু করে। মূলত কুলির কাজ এটা। তাদের কাজ পুরোপুরি আলাদা। এর মধ্যে তারা পেলুডা গাড়ি দিয়ে লোড কার্যক্রম করে। আমরাও বাধা দিলে তারা গ্যাঞ্জাম সৃষ্টি করে। এখন তারা ভিন্ন দাবি করছে। তাদের এই আচরণে আমাদের অনেক সাধারণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।
