কাউখালীর বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা কাউখালীর বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝির ছেলে সুনান মাঝি (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)। আহতরা হলেন— কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) ও পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দু’টি মোটরসাইকেলে পাঁচজন কাউখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।
মোটরসাইকেল দু’টি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শান্ত রায় মারা যায়। রাত সাড়ে ১১টার দিকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সাজিদ ও সুনান মাঝি মারা যান।
