৭টিতে কর্মবিরতি-বন্ধ ২০, সাধারণ ছুটি ঘোষণা ২৪টি

সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছে পোশাক শ্রমিকরা

ফন্ট সাইজ:

 তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। গতকাল সকালে অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। তবে কিছু কারখানায় শ্রমিকরা উপস্থিত হয়েও কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০টি কারখানা। এ ছাড়াও ৭টি কারখানায় কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

অন্যদিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ রয়েছে ২০ টি কারখানা। এর মধ্যে রয়েছে সুসুকা নিট লি., ক্রিস্টাল কম্পোজিট লি., আউটলেট স্টিচ লি., সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লি., মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লি., জিম্যাক্স ক্লোথিং লি., টপ টেক্স সোয়েটার লি., ফুটস্টেপস বাংলাদেশ লি., এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি., মণ্ডল নিটওয়্যার লি., আর্টিস্টিক ডিজাইন লি., নেক্সট কালেকশন লি., হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, আরপি ক্রিয়েশন অ্যাপারেলস লি., হংকুন লেদার কোম্পানি লি., ভার্চ্যুয়াল বটমস লি., প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড (গার্মেন্টস ডিভিশন), ইয়াগী বাংলাদেশ লি.।
মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই তৈরি পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছে। কয়েকটি কারখানায় শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কাজ না করায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং মৌখিকভাবে বন্ধ দু’টি কারখানা এবং ৭টিতে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। এ ছাড়া শ্রম আইনের ১৩ (১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২০টি কারখানা বন্ধ রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।