সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতের পরিকল্পনা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতের পরিকল্পনা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সমস্যার সমাধানের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হচ্ছে। ভবিষ্যতে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার। মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

এদিকে অনুষ্ঠান শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ই ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি কেন দেশ ছেড়ে গিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। দেশের মানুষের ক্ষোভের মুখেই তিনি দেশ ছেড়েছিলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। তিনি যেদিনই দেশে ফিরুন না কেন, আইন অনুযায়ী তাকে তার প্রাপ্য ও দায়দায়িত্ব বহন করতে হবে। সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং নতুন শিল্পে বিনিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।

মতবিনিময় সভায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।