সুনামগঞ্জের জগন্নাথপুরে মা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে জুয়েল মিয়া (৪২) নামে মাদকাসক্ত এক যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আব্দুল বারির ছেলে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, সে দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছে।
একাধিকবার মাদকসেবনের কারণে তাকে পুলিশ গ্রেপ্তারও করেছে। তার মা দুই দিন আমার কাছে এসে মৌখিকভাবে নির্যাতনের অভিযোগও করেন। সে প্রায়শই মাদকসেবন করে তার মা-সহ পরিবারের সদস্যদের মারধর করতো। অভিযানে মাদকাসক্ত ওই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেড় বছর (১৮ মাস) বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত মাদকাসক্ত ব্যক্তিকে সোমবার রাতেই সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
