জামালপুরে কাজে আসছে না ১৮ কোটি টাকার দুইটি সেতু

জামালপুরে কাজে আসছে না ১৮ কোটি টাকার দুইটি সেতু

ফন্ট সাইজ:

প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দু’টি সেতু। অথচ, আশপাশের কয়েক কিলোমিটার এলাকার মধ্যে নেই কোনো জনবসতি; নেই সংযোগ সড়কও। জানা যায়, নকশী পল্লী গড়ে তোলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল সেতু দু’টি নির্মাণ। তবে সেতু দু’টি এখন স্থানীয়দের যাতায়াতের কোনো কাজেই আসছে না। ফলে সেতু নির্মাণে সরকারি বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন।

সেতু দু’টি যানবাহন চলাচলের জন্য ২০২৪ সালের ২৪শে ফেব্রুয়ারি উন্মুক্ত করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে সংযোগ সড়ক না থাকায় সেতু দু’টি দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। বর্তমানে স্থানীয় কৃষকরা ধান, খড় ও মরিচ শুকানোর কাজে সেতুগুলো ব্যবহার করছেন। আর ঝিনাই নদের পশ্চিম পারে নিজেদের ফসলি জমিতে যাতায়াতের জন্য ব্যবহার করছেন সেতু দু’টি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় সেতু দু’টি। ২০২১ সালের নভেম্বরে শুরু হয় নির্মাণকাজ। এর মধ্যে ৯৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৭৮৬ টাকা। আর এর প্রায় দেড় কিলোমিটার দূরে ৫০ মিটার দীর্ঘ অপর সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৯৩ লাখ ১১ হাজার ১০৭ টাকা। সব মিলিয়ে সেতু দু’টিতে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি ৩৫ লাখ টাকা।

স্থানীয়দের ভাষ্য, সেতুর পূর্ব পাশে জামালপুর সদর পৌরসভার হাটচন্দ্রা এলাকা এবং পশ্চিম পাশে মেলান্দহ উপজেলার চরপলিশা ও মধ্যেরচর এলাকা। তবে সেতু দু’টির সঙ্গে এসব এলাকার সংযোগ সড়ক না থাকায় সাধারণ মানুষের যাতায়াতে এগুলো কোনো কাজে আসছে না। পশ্চিম পাশে রয়েছে মূলত ফসলি জমি। ফলে সেতু দু’টি নির্মাণের পরও এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি।

জানা যায়, ওই এলাকায় নকশী পল্লী গড়ে তোলার কথা ছিল। সেই পরিকল্পনার সঙ্গে যুক্ত করেই সেতু দু’টি নির্মাণ করা হয়। তবে পরে জামালপুর পৌর এলাকার কম্পপুরে নকশী পল্লী গড়ে তোলার প্রস্তাব করা হয়। এরপর সেতু দু’টির সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এগুলো কার্যত বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। চন্দ্রা গ্রামের কৃষক আব্দুল করিম বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সেতু দু’টি নির্মাণ করা হয়। কিন্তু কোনো রাস্তাঘাট নেই। তাই সেতু দিয়ে যানবাহন চলাচল করে না। এখন তারা ধান, খড় ও মরিচ শুকানোর কাজে সেতু ব্যবহার করেন। পশ্চিম পাশে তাদের ফসলি জমি থাকলেও সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। ভাবকী এলাকার আব্বাস আলী বলেন, একই সময়ে ভাবকীতেও আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে, সেটিরও সংযোগ সড়ক নেই।

ফলে সেতু দু’টি সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। এ বিষয়ে এলজিইডি’র মেলান্দহ উপজেলা প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, সেতু দু’টি নির্মাণের বিষয়ে সঠিক তথ্য আমার জানা নেই। শুনেছি, সেখানে নকশী পল্লী বা এ ধরনের কিছু করার পরিকল্পনা ছিল। সেতু হয়েছে, তাই জনগণের চলাচলের জন্য কীভাবে সংযোগ সড়ক নির্মাণ করা যায়, সেই চেষ্টা করবো। সংযোগবিহীন সেতুর তালিকা চাওয়া হয়েছিল। সেখানে সেতু দু’টিও তালিকাভুক্ত করেছি। স্থানীয়দের দাবি, দ্রুত সেতু দু’টির সংযোগ সড়ক নির্মাণ করে এগুলোকে মানুষের যাতায়াতের উপযোগী করা হোক।