তদন্তের আগের দিন টেলিফোন সংযোগ নিলো দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

ফন্ট সাইজ:

পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে টেলিফোন কেনার নামে সরকারি বরাদ্দের ৪৯ হাজার ৫০০ টাকা উত্তোলনের অভিযোগে তদন্ত কমিটি গঠনের পর তড়িঘড়ি করে টেলিফোন সংযোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। তদন্ত কর্মকর্তা সরজমিন পরিদর্শনে যাওয়ার ঠিক একদিন আগে মঙ্গলবার বিটিসিএলের মাধ্যমে সংযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পঞ্চগড় জেলা কার্যালয়ের কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (কারিগরি) কামরুল ইসলাম বলেন, ‘দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে গত ১৬ই নভেম্বর টেলিফোন সংযোগ দেয়ার জন্য জানানো হয়।

এরপর আজকে লাইনম্যান সংযোগ দেয়ার কাজ করছেন।’ বিটিসিএলের দেবীগঞ্জ কার্যালয়ের লাইনম্যান হাসিবুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে তারা টেলিফোন সংযোগ দেয়ার জন্য যোগাযোগ করেন। আজকে টেলিফোন সংযোগ দেয়া হচ্ছে।’ এর আগে গত ১৭ই নভেম্বর মানবজমিনে প্রতিষ্ঠানটির টেলিফোন কেনাকাটার নামে সরকারি অর্থ উত্তোলন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৯শে নভেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক নাহিদ ইসলাম আঞ্চলিক পরিদর্শক বেলায়েত হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। বুধবার (২৫শে নভেম্বর) তদন্ত কর্মকর্তা সরজমিন প্রতিষ্ঠানটি পরিদর্শনে যাবেন। এ বিষয়ে তদন্তের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ‘আমরা সরজমিন গিয়ে তদন্ত করবো। প্রতিটি বিষয় খতিয়ে দেখা হবে।’

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির টেলিফোন খাতে ৫০ হাজার টাকা বরাদ্দ ছিল। গত ২১শে জুন টেলিফোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার বিবরণ দেখিয়ে ওই বরাদ্দ থেকে ৪৯ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়। জমা দেয়া ভাউচারে দু’টি টেলিফোন সেট, কপার ক্যাবল ও দু’টি কানেক্টিং বক্স কেনার কথা উল্লেখ ছিল। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ভাউচারে নতুন কেনা দেখানো দু’টি টেলিফোন সেট ২০২২ সালেই প্রতিষ্ঠানটিতে সরবরাহ করা হয়েছিল। অন্যদিকে সংশ্লিষ্ট দোকানের স্বত্বাধিকারী ওই মালামাল বিক্রির কথা অস্বীকার করেন। অথচ গত ১৭ই নভেম্বর প্রতিবেদন প্রকাশের আগে বিটিসিএলের দেবীগঞ্জ কার্যালয় জানিয়েছিল, প্রতিষ্ঠানটির নামে কোনো টেলিফোন সংযোগ নেই। সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের তালিকা নেয়া হলেও পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আর যোগাযোগ করা হয়নি বলেও জানিয়েছিলেন লাইনম্যান হাসিবুল ইসলাম।